'শুধু ভোটের সময় আমরা মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোটের সময় সবাই আমাদের কাছে আসে, ভোট চায়। বলে, “আপনারাও মানুষ, আপনারাও ভোট দেবেন।” শুধু ভোটের সময় আমরা মানুষ। বিশ্বের অনেক দেশে যৌনকর্মীদের এ পেশার বৈধতা থাকলেও আমাদের দেশে নেই।’
আজ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনটির নেতারা এসব কথা বলেন।
সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক শাহনাজ বলেন, বিকল্প কর্মসংস্থানের নামে সরকার ও স্থানীয় প্রভাবশালীরা যৌনপল্লি উচ্ছেদ করে চলেছে। কিন্তু এই কর্মীরা সারা দেশে ছড়িয়ে পড়ছে। আর এদের নতুন নাম দেওয়া হয়েছে ভাসমান পতিতা। তিনি বলেন, কর্মসংস্থানের নামে সরকার থেকে সেলাই মেশিন, ঢেউটিন, কিছু টাকা এবং কখনো সামাজিক স্বীকৃতির জন্য বিয়ের ব্যবস্থাও করা হয়। আর এগুলো শেষ হলে রাস্তার মেয়ে আবার রাস্তায় ফিরে যায়।
সংগঠনের কোষাধ্যক্ষ আলেয়া আক্তার লিলি বলেন, ‘আমরাও রক্ত–মাংসের মানুষ। কখনো শরীর খারাপ থাকলে আমরা যখন মাস্তান–সন্ত্রাসীদের না করি, তারাও কথা শোনে। কিন্তু আমরা পুলিশকে না করতে পারি না, না করলেও তারা মানে না।’
দৌলতদিয়া যৌনপল্লির সভানেত্রী ফরিদা পারভীন বলেন, বিশ্বের অনেক দেশে এ পেশার বৈধতা আছে। তাদের নিরাপত্তার ব্যবস্থাও আছে। কিন্তু আমাদের সংবিধানে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই।
আলোচনা সভায় সংগঠনের নেতা–কর্মীরা যৌনকর্মীদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ পেশা সম্পর্কে সংবিধানে স্পষ্টভাবে স্বীকৃতির বিষয়টি উল্লেখ করার দাবি জানান।
আলোচনা সভায় সাউথ এশিয়া উইমেন্স ফান্ডের সমন্বয়ক সোফিয়া, সদস্য সবুজসহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।