'শুধু সংস্কৃতি নয়, শিক্ষাও জরুরি'

শিল্পী লাইসা আহমদ লিসার কণ্ঠে তখন রবীন্দ্রনাথ, ‘চলি গো, চলি গো, যাই গো চলে’। ১১টি বাসে করে আমরা পটুয়াখালী থেকে চলছিলাম কুয়াকাটার দিকে। ৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিনে, গতকাল শুরুতেই ছিল সমুদ্রদর্শন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের কুয়াকাটা কেন্দ্রে আয়োজিত শিল্পীদের প্রীতিসম্মেলনে অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ার বললেন, ‘মানুষ সভ্য হয়েছে, কারণ সে অন্যের সঙ্গে মিশেছে-মিলেছে। রবীন্দ্রনাথ যেমন প্রকৃতির সঙ্গে—আলো, ফুল, ঝরনায় মিলতে চেয়েছিলেন।’
প্রীতিসম্মেলনে ছিল রবীন্দ্রনাথের গান, কবিতা ও রাখাইন নৃত্য। ছিল শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি নাচও।
এরপর সারা দেশ থেকে আসা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও সংগঠকেরা যান সমুদ্রসৈকতে। সৈকত থেকে ফিরে প্রীতিসম্মেলনের স্থানে পেয়ে যাই রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সন্জীদা খাতুনকে। পরিচয় দিয়ে জিজ্ঞেস করি, ‘আশির দশকে যে ভাবনা থেকে এই সম্মেলনের আয়োজন শুরু করেছিলেন, ৩৫তম অধিবেশনে এসে সেটি বাস্তবে কী দেখছেন?’
সন্জীদা খাতুন একটুও সময় না নিয়ে বললেন, ‘তখন ভাবতাম না এত কিছু। মনে করতাম, সংস্কৃতিকে ছড়িয়ে দিলেই মানুষের মন আলোকিত হবে। কিন্তু এখন দেখি ভোরের স্নিগ্ধ একটি সংগীতের অনুষ্ঠানেও বোমা পড়ে। বুঝলাম শুধু সংস্কৃতি দিয়ে হবে না। আমাদের শিক্ষার দিকে যেতে হবে। এখন সাম্প্রদায়িকতার নব-উত্থান দেখছি, মনটা খারাপ হয়ে যায়।’
এক জিজ্ঞাসার উত্তরে সন্জীদা খাতুন বললেন, ‘রবীন্দ্রসংগীত গাইতে গিয়ে যত রকমভাবে চটুল হওয়া সম্ভব, সেটা হয়ে গেছে। আজ অধিকাংশের গানে এই সময়ের অন্তর্গত চটুলতা আছে, রবীন্দ্রনাথকে বোঝার গভীরতা নেই। শিল্পী ও শ্রোতা দু তরফ থেকেই হচ্ছে এই চটুলতা।’
তবে উপায়?
বললেন, ‘উপায় একটাই। গান, পাঠ, নাটক, কবিতা নিয়ে যেতে হবে মানুষের কাছে। শুনেছি শিক্ষা মন্ত্রণালয় চারুকলা শিক্ষাকে আবশ্যিক করেছে। কিন্তু তার শিক্ষক তৈরি করছে কি? কতবার বলেছি, ব্রতচারী ক্যাম্পের আয়োজন করতে। ব্রতচারীর মধ্যে শাশ্বত মানুষ হওয়ার কথা আছে, আছে বাঙালি হওয়ার কথা। এর জন্য নাকি পয়সা নেই। সংস্কৃতি মন্ত্রণালয় কিছুটা হলেও চেষ্টা করছে, শিক্ষা মন্ত্রণালয় সেটা একদমই করছে না।’
বিকেলের মধ্যেই সবাই বাসে করে আবার ফিরে আসে পটুয়াখালী। এখানকার নির্মীয়মাণ শেখ রাসেল শিশুপার্কেই হচ্ছে মূল আয়োজন। সন্ধ্যা সোয়া ছয়টায় প্রদীপ জ্বালিয়ে শুরু হলো দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব।
এরপর অনুষ্ঠান চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। ঢাকা ও ঢাকার বাইরের অনেক শিল্পী এ দিন গান করেন। তাঁদের কণ্ঠে ছিল রবীন্দ্রনাথ ও নজরুলের গান।
ছায়ানটের শিল্পীরা পাঠ ও গানের মাধ্যমে তুলে ধরেন বাঙালির মুক্তিসংগ্রাম। ‘হেই সামাল’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘মানুষ হ’, ‘ফুল খেলবার দিন নয় অদ্য’, ‘যশোর খুলনা বগুড়া পাবনা’, ‘লাখো লাখো শহীদের রক্তমাখা’, ‘জনতার সংগ্রাম চলবেই’—গানগুলো উপস্থিত দর্শক-শ্রোতাকে মোহিত করেছে।
সম্মেলনের প্রথম দুদিন সবই ছিল ভালো, কিন্তু মাঝে মাঝেই উৎসবের তাল কেটেছে বিদ্যুতের অনাকাঙ্ক্ষিত যাওয়া-আসায়।
আজকের আয়োজন
আজ সম্মেলনের শেষ দিন শুরু হবে সকাল নয়টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে। সাড়ে ১০টায় মফিদুল হক পড়বেন প্রবন্ধ ‘শিক্ষা-চিন্তক ও শিক্ষা-কর্মী রবীন্দ্রনাথ: সমকালীন তাৎপর্য’। দুপুর ১২টায় হবে প্রতিনিধিদের সম্মেলন ও প্রশিক্ষণ। বিকেল সাড়ে চারটায় শুরু হবে সমাপনী অধিবেশন। এর প্রধান অতিথি শিল্পী মুস্তাফা মনোয়ার। রবীন্দ্রপদক দেওয়া হবে শিল্পী ও শিক্ষক নির্মল কুমার দাশগুপ্তকে। সন্ধ্যায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই আয়োজন।