'শুধু সনদের জন্য লেখাপড়া নয়'
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, শুধু সনদের জন্য লেখাপড়া করলে হবে না, প্রকৃত জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। শিশুরা যেন প্রকৃত জ্ঞানের অধিকারী হয়ে ওঠে সে ব্যাপারে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ২০১৪ সালের জেলায় চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃষ কেতু চাকমা এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০০৩ সাল থেকে জেলায় চতুর্থ শ্রেণিতে বৃত্তি পরীক্ষার প্রচলন করে।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেম লিয়ানা পাংখোয়া, সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।
রাঙামাটি জেলার ২০১৪ সালের চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।