'শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর ভয়াবহ হত্যাযজ্ঞ আমাকে স্তব্ধ করে। যখন দেখি আমার সামনে প্রায় ৩১৫ লাশ পড়ে আছে, তখন শিউরে উঠি। ভাবি, আর চুপ না থেকে যুদ্ধে যেতে হবে। প্রশিক্ষণের জন্য ছুটলাম ভারতে। পাঁচটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিই।’

আবেগঘন কণ্ঠে এ কথাগুলো বলছিলেন মুক্তিযোদ্ধা ফজলুল হক।

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর ‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’ শিরোনামে সারা দেশে বছরব্যাপী স্কুলভিত্তিক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের কথা শোনান মুক্তিযোদ্ধা ফজলুল হক।

.
.

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানায়। হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আমরা ড. ইউনূসের মতো ব্যক্তিত্ব পেতাম না, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার পেতাম না। তাই আমাদের সঠিক ইতিহাস জানাতে হবে। আমাদের দেশকে ভালোবাসাতে হবে।

স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউল হক বলেন, এমন আয়োজনের সত্যি খুব দরকার। এর মাধ্যমে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারবে।

এ ছাড়া বক্তব্য দেন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রুহুল আমিন, অধ্যক্ষ একেএম আজিজুল হক ভূঁইয়া, আলোকচিত্রী সাহাদাত পারভেজ, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ প্রমুখ।

.
.

‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’র পর শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এই পর্বের পর আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের ওপর কুইজের। কুইজে মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন’ ৭১ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বই পুরস্কার হিসেবে দেওয়া হয়।

স্কুলের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহ অধ্যক্ষ মুস্তারিন আক্তার ও স্কুলের শিক্ষকেরা। উপস্থাপনা করেন আয়শা জাহান।