'শুভ্রা মুখার্জি দুই বাংলা ও মানুষকে ভালোবাসতেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ্রা মুখার্জি ছিলেন উভয় দেশ, তথা দুই বাংলার অধিবাসী। তিনি দুই বাংলা ও মানুষকে ভালোবাসতেন। তাই তিনি দীর্ঘদিন পরও নিজ জন্মভূমিতে বেড়াতে এসেছিলেন। প্রতিদিনই বাংলাদেশের কথা, বিশেষ করে জন্মস্থান নড়াইলের খোঁজখবর রাখার চেষ্টা করতেন।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় ও স্মরণসভার শেষ দিন গতকাল শুক্রবার এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান। সদর উপজেলার তুলারামপুর গ্রামে শুভ্রা মুখার্জির ইচ্ছায় নির্মিত শ্রীশ্রী গোপাল মন্দির ও কালীমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

মসিউর রহমান বলেন, শুভ্রা মুখার্জি বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু ছিলেন। তিনি আজ নেই। তাঁর কাজের মাধ্যমে দুই দেশের মানুষের মাঝে দূরত্ব কমে আসবে এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। শুভ্রা মুখার্জির স্মৃতিগুলো সংরক্ষণে স্থানীয়ভাবে বেশি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে।

হর্ষ বর্ধন শ্রিংলা শুভ্রা মুখার্জির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে আগত সবাইকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পক্ষ থেকে ধন্যবাদ জানান।

দুই দিনের আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার ছিল নামসংকীর্তন, গীতাপাঠ, গীতাদান, অন্নদান ও বস্ত্রদান। আর গতকাল ছিল স্মরণসভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক ঘোষ ও পরিচালক অয়ন রঞ্জন দাস।

শুভ্রা মুখার্জি ১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার চিত্রাপাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন।