'শেখ হাসিনা পানি শোধনাগার' উদ্বোধন ফেব্রুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় নির্মিত ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানের স্থান ও সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

আজ রোববার সকালে শেখ হাসিনা পানি শোধনাগার পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদ, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী প্রমুখ।

জাপানি দাতা সংস্থা জাইকার অর্থসহায়তায় ১ হাজার ৮৪৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা। এ প্রকল্পের কাজ শেষ হওয়ায় এখন দিনে ১৪ কোটি লিটার বেশি পানি পাচ্ছে সংস্থাটি। এত দিন পানি উৎপাদনের ক্ষমতা ছিল সর্বোচ্চ ১৮ কোটি লিটার। এ প্রকল্পের পানি যোগ হওয়ায় এখন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ ৩২ কোটি লিটারে পৌঁছেছে। ১ নভেম্বর থেকে নতুন প্রকল্পের পানি পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা। ওয়াসার তথ্য অনুযায়ী, নগরে পানির দৈনিক চাহিদা ৫০ কোটি লিটারের বেশি।

শেখ হাসিনা পানি শোধনাগারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে কোনো কিছু হোক তা চান না। এ ক্ষেত্রে তিনি ঘোরতরভাবে আপত্তি জানান। চট্টগ্রাম সিটি মেয়রসহ অন্যরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, একটি জীবন রক্ষাকারী উপাদানের প্রকল্পের সঙ্গে আপনার নাম যাচ্ছে। এটিতে আপনি সম্মতি দিন। এমন অনুরোধের পর তিনি “শেখ হাসিনা পানি শোধনাগার” নামকরণের ব্যাপারে রাজি হয়েছেন। ইতিমধ্যে নামকরণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শোধনাগারের উদ্বোধন করবেন উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোথায় উদ্বোধন করবেন, তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন।’
এ শোধনাগার প্রকল্পের ল্যাবরেটরিতে দায়িত্বরত কর্মকর্তাদের কোনো ধরনের গাফিলতি না করার নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘কোনো প্রকার জীবাণুমিশ্রিত পানি যাতে সরবরাহ করা না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। এ রকম হলে চট্টগ্রাম নগরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। অনুষ্ঠানে প্রকল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী নদীর তীরে সাড়ে ৩৫ একর জমির ওপর এই পানি শোধনাগারটি নির্মাণ করা হয়েছে। ১৯ জানুয়ারি পানি শোধনাগারটি ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।