'শেখ হাসিনা পানি শোধনাগার' উদ্বোধন ফেব্রুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় এই শোধনাগার নির্মাণ করা হয়েছে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের স্থান ও সময় এখনো নির্ধারণ করা হয়নি।
গতকাল রোববার সকালে পানি শোধনাগার পরিদর্শন শেষে রাঙ্গুনিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাছান মাহমুদ, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, রাউজান উপজেলার চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী প্রমুখ। সভায় পানি শোধনাগার প্রকল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
পানি শোধনাগার প্রকল্পের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নিজের নামে কোনো কিছু হোক তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না। এ ক্ষেত্রে তিনি ঘোরতরভাবে আপত্তি দেন। চট্টগ্রামের সিটি মেয়রসহ অন্যরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, “একটি জীবন রক্ষাকারী উপাদানের প্রকল্পের সঙ্গে আপনার নাম যাচ্ছে। এটিতে আপনি সম্মতি দেন।” এমন অনুরোধের পর তিনি নামকরণের ব্যাপারে রাজি হয়েছেন। ইতিমধ্যে নামকরণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার সহযোগিতায় ১ হাজার ৮৪৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে এই শোধনাগারের কাজ শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা। এর ফলে দিনে ১৪ কোটি লিটার বেশি পানি পাচ্ছে সংস্থাটি। এত দিন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা ছিল সর্বোচ্চ ১৮ কোটি লিটার। প্রকল্পের পানি যোগ হওয়ায় এখন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ ৩২ কোটি লিটারে পৌঁছেছে। ১ নভেম্বর থেকে নতুন প্রকল্পের পানি পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু করেছে। ওয়াসার তথ্য অনুযায়ী, নগরে পানির দৈনিক চাহিদা ৫০ কোটি লিটারের বেশি।
চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী নদীর তীরে সাড়ে ৩৫ একর জমির ওপর পানি শোধনাগারটি নির্মাণ করা হয়েছে। ১৯ জানুয়ারি ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। গতকালের সভায় শোধনাগার প্রকল্পের ল্যাবরেটরির দায়িত্ব পালন করা কর্মকর্তাদের কাজে কোনো ধরনের গাফিলতি না করার নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘কোনো প্রকার জীবাণুমিশ্রিত পানি যাতে সরবরাহ করা না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। এ রকম হলে চট্টগ্রামের নগরের প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।’
প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য জন্য রাঙ্গুনিয়াবাসীকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, রাঙ্গুনিয়াতে কখনো নগরসুবিধা গড়ে উঠলে তখন এ প্রকল্প থেকে পানি সরবরাহ করা হবে।