'শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ মিনারের সামনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।
‘জঙ্গিবাদ ও ধর্মান্ধতা নিপাত যাক’ স্লোগান সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে মোশাররফ হোসেন বলেন, ‘অযথা সংকট সৃষ্টি না করে আলোচনায় আসুন। আলোচনার পথ খোলা রেখেছি। আমরা কাউকে বাদ দিয়ে নির্বাচন করব না।’
সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালেহউদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন।
মোশাররফ হোসেন বলেন, বেগম জিয়া হোমওয়ার্ক না করে একটি প্রস্তাব দিয়েছেন। ওই প্রস্তাব মানতে হলে সংবিধান সংশোধন করা লাগবে। ইংল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশের নির্বাচিত সরকারের অধীনে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘দা-কুড়াল বাদ দিয়ে বিরোধী দলকে সমঝোতার পথে আসার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে।
মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, নৌকায় ভোট দিয়ে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
মিছিলসহকারে নেতা-কর্মীরা সমাবেশে যোগদান করেন। সময় অনেক কর্মীর হাতে লাঠি দেখা যায়।