অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। তাঁর অধীনে নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে বলেও তারা ঘোষণা দেয়।
গতকাল বৃহস্পতিবার নগরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত জনসমাবেশে নেতারা এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজক ছিল। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে খালেদা জিয়ার কথোপকথন শুনে বোঝা গেছে, তাঁর সঙ্গে আপস সম্ভব নয়। হরতাল নৈরাজ্য করে বিরোধী দল কখনোই দাবি আদায় করতে পারবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সর্বদলীয় সরকার গঠন করে আগামী জানুয়ারিতেই সংসদ নির্বাচন হবে। এবং খালেদা জিয়াকে শেখ হাসিনার অধীনে অবশ্যই নির্বাচনে আসতে হবে।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামবাসীর দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে ব্যক্তি নয়, প্রতীককে ভোট দেবেন সবাই। আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে, নগরের চারটি আসনে তাঁকেই জয়ী করতে হবে।’ বিরোধী দলের হুমকির জবাবে আওয়ামী লীগ নীরব থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা মিটিং মিছিল করেন কিন্তু আঘাত দেবেন না। এর কাউন্টার দেওয়ার শক্তি আমাদের আছে।’
সমাবেশে বক্তব্যে সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, তিন দিনের হরতালে হত্যার দায়ে আজ হোক, কাল হোক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হবে।
নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী প্রমুখ।