'শেখ হাসিনার আমলে মানুষ না খেয়ে মরবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফাইল ছবি
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোনো মানুষ না খেয়ে মরবে না। বন্যা দুর্গত মানুষের জন্য এর মধ্যেই চাহিদার অতিরিক্ত খাদ্য ও নগদ অর্থ জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
যাঁরা বলেন সরকার বানভাসি মানুষের জন্য ত্রাণ পাঠায়নি, তাঁদের জেলা পর্যায়ে খোঁজ নিয়ে সঠিক তথ্য জানার জন্যও ত্রাণ মন্ত্রী অনুরোধ করেন।
আজ শনিবার মন্ত্রী তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের একপর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্রাণ সম্পর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যার্তদের জন্য ১১ হাজার মেট্রিক টন চাল খাদ্য সহায়তা হিসেবে ও নগদ অর্থ সহায়তার জন্য ছয় কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে চাল ও অর্থ ছাড় করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে থোক বরাদ্দ থেকে অর্থ ও চাল ছাড় করছে। এ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৭ হাজার ২০০ মেট্রিকটন চাল ও ১ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি চাল ও অর্থ তাৎক্ষণিক বরাদ্দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে মজুত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে মাঠ পর্যায়ে ত্রাণ তৎপরতা নজরদারি করছেন। অধিদপ্তরের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

জেলা পর্যায়ে ত্রাণ বিতরণের প্রতিদিনের তথ্য গণমাধ্যমকে জানানোর জন্য মন্ত্রী জেলা প্রশাসকদের অনুরোধ করেন। এতে করে কোনো দল বা গোষ্ঠী বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারবে না।
মন্ত্রী বলেন, সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপে ঈর্ষান্বিত হয়ে জনবিচ্ছিন্ন দলের নেতারা অপপ্রচার চালাচ্ছেন। সরকারের পাশাপাশি অপপ্রচারকারীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী আহ্বান জানান।