'শেখ হাসিনার সালাম নিন লাঙ্গল মার্কায় ভোট দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেখ হাসিনার সালাম নিন, লাঙ্গল মার্কায় ভোট দিন। মহিউদ্দিন ভাইয়ের সালাম নিন, লাঙ্গল মার্কায় ভোট দিন।’
দশম জাতীয় সংসদ নির্বাচনে কয়েক দিন ধরে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) সংসদীয় আসনজুড়ে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে এভাবে মাইকিং চলছে। জাতীয় পার্টির প্রার্থী হলেও জিয়াউদ্দিন বাবলুর প্রচারণা থেকে শুরু করে নির্বাচনী কৌশল নির্ধারণে সংশ্লিষ্ট রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রার্থী বাবলুর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। তিনি প্রতিদিনই বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এবং আমার দলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করছেন।’
জানা গেছে, গত রোববার বিকেলে নগরের লালদীঘি মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিজয়ের ৪২ বছর উপলক্ষে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত ওই সমাবেশে বিভিন্ন আসনের আওয়ামী লীগের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার একটি মিনি ট্রাকযোগে কোতোয়ালির বিভিন্ন স্থানে লাঙ্গল প্রতীকে ভোট চাইতে দেখা গেছে। কিন্তু তাতে একটি ব্যানারে নৌকা প্রতীক ছিল। তবে জিয়াউদ্দিন বাবলু জাতীয় পার্টি নাকি মহাজোটের প্রার্থী, তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীরা।
জানতে চাইলে জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘আমি মহাজোটের হয়ে নির্বাচন করছি।’ একটু থেমে আবার বলেন, ‘মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী আমি। এই আসনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছে। তাই আওয়ামী লীগ প্রার্থী দেয়নি।’
তবে বাবলুর নির্বাচনী পোস্টার ও ব্যানারে লেখা রয়েছে ‘জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে লাঙ্গল প্রতীকে ভোট দিন।’ একই আসনে মহাজোটের আরেক শরিক ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবু হানিফ তাঁদের দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে নির্বাচন করছেন। আবু হানিফ বলেন, ‘চট্টগ্রাম-৯ আসনে মহাজোট কিংবা ১৪ দলের কোনো প্রার্থী নেই। বাবলু ভাই জাতীয় পার্টির প্রার্থী। আমি ওয়ার্কার্স পার্টির। যদি বাবলু ভাই নিজেকে মহাজোটের দাবি করেন, তাহলে তাঁর পোস্টারে কেন জাতীয় পার্টির প্রার্থী লেখা? আওয়ামী লীগের কোনো নেতা তাঁকে সমর্থন করতে পারেন, সেটা ভিন্ন কথা।’