'শেষ কথা' বলেননি মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু বলার বলে নেন, যন্ত্র লাগানোর পর তাঁর সঙ্গে আর কথা বলতে পারবেন না।’

কৃত্রিম শ্বাসযন্ত্র (লাইফ সাপোর্ট) স্থাপনের আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক এভাবেই বলে গেলেন অগ্নিদগ্ধ ওহিদুর রহমানের স্বজনদের।

হাসপাতালে ওহিদুরের মা সালেহা খাতুন, দুলাভাই সোহায়েব ও ভাবি সানু আক্তার। মাকেই সবাই দ্রুত ঠেলে পাঠালেন আইসিইউতে। ছেলে শ্বাস নিতে পারছেন না, মা কী করে তা সহ্য করবেন! কিছুই বলতে পারলেন না। ছেলের বিছানার পাশে দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলেছেন। আইসিইউ থেকে বের হয়ে মেয়ের জামাইকে ধরে সেই বুকফাটা কান্নার ধাক্কাই যেন সামলালেন।

গত বৃহস্পতিবার শাহবাগে বাসে আগুনে পোড়া ১৯ জনের মধ্যে ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমান একজন। তাঁর শ্বাসনালিসহ শরীরের ২৮ ভাগ পুড়ে গেছে।

স্বজনেরা জানান, আইসিইউতে চিকিৎসাধীন ওহিদুরের অবস্থা গতকাল সোমবার সকালে দ্রুত খারাপ হতে থাকে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না তিনি। তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। যন্ত্র লাগানোর আগে কিছুক্ষণ কথা বলার সুযোগ দেন চিকিৎসক। ওহিদুরের সঙ্গে ‘শেষ কথা’—এমন শঙ্কা বুকে চেপে থাকায় শেষে আর কোনো কথাই বলা হলো না। আর মা সালেহা খাতুন কলেজপড়ুয়া তরতাজা ছেলের সঙ্গে ‘শেষ কথা’ বলবেনই বা কেন? তিনি তো আশায় বুক বাঁধবেনই।

তাকিয়ে দেখা আর কান্না—স্বজনের এই ভাষা বুঝবেন কী করে ওহিদুর। তিনি তো চোখ খুলতে পারেন না। ভাঙা ভাঙা কথা বলতে পেরেছেন প্রথম তিন দিন। গতকাল পঞ্চম দিনে একেবারেই বন্ধ হয়ে গেছে কথা। তারপর চেপে এসেছে শ্বাস। যন্ত্রই তখন ভরসা। ১১টার দিকে তা সংযোজন করা হয়।

দুপুরের পরে মা সালেহাকে পুরান ঢাকার আগামসিহ লেনের বাসায় পাঠিয়ে দেন স্বজনেরা। ওহিদুরের বাবা হাজি ওয়াজিউল্লাহ (৮০) তিন বছর ধরে নিখোঁজ। বাবাকে খুঁজে পেতে ওহিদুর পুলিশের বিভিন্ন দপ্তর, গণমাধ্যমের কার্যালয়—সব জায়গায় মাসের পর মাস ঘুরেছেন। সেই ছেলেটির এমন করুণ পরিণতিতে বিমর্ষ গণমাধ্যমকর্মী, চিকিৎসক ও পরিচিতজনেরা।

 ওহিদুরের দুলাভাই হাউমাউ করে কাঁদলেন। তার পরে বললেন, ‘বাবুর (ওহিদুর) অবস্থা ভালো না, ডাক্তাররা শেষ চিকিৎসা দিতে নিচ্ছে।’ ওহিদুরের মা বারবারই বলছিলেন, ‘তোমরা কিছু করো, কিছু একটা করো...আমার বাবুর লাইগা।’

আইসিইউর সামনে গিয়ে দেখা যায়, জামাতা সোহায়েব হোসেনকে জড়িয়ে ধরে কাঁদছেন সালেহা খাতুন। স্বজনদের বলছিলেন, ‘ওর অবস্থা ভালো না, দেইখা যাও’। কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখার কথা জানতে পেরে ছুটে আসেন ওহিদুরের স্বজন, বন্ধুরা।

ওহিদুরের বিষয়ে কথা বলতে গেলে খানিক আবেগাপ্লুত হয়ে পড়েন বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেনও। বললেন, ‘ছেলেটা তো আমার সন্তানের বয়সী। কলেজপড়ুয়া একটা ছেলের কী অবস্থা হয়ে গেল! তার অবস্থা খুবই খারাপ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সামন্ত লাল সেন বলেন, ‘আমি আগে বলতাম, কেউ যেন অ্যাসিডদগ্ধ না হয়। অ্যাসিডদগ্ধ কাউকে যেন আমাদের চিকিৎসা দিতে না হয়। এখন বলছি, সহিংসতার আগুনে যেন কাউকে পোড়ানো না হয়। একজন চিকিৎসক হিসেবে এ মানবিক বিপর্যয়ের অবসান চাই।’

ওহিদুরের বন্ধু-স্বজনেরা জানিয়েছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় ওহিদুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে ইতিমধ্যে তাঁরা প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছেন।

রক্তসংকট, অর্থেরও: ‘এমনিতেই গরিব, এমন রক্ত নিয়া জন্মাইছি, সহজে পাওয়াও যায় না’—বার্ন ইউনিটে শুয়ে কথাগুলো বলছিলেন মাহবুব আলম। শাহবাগে যে বাসটিতে পেট্রলবোমা ছোড়া হয়েছিল, তার চালক তিনি। তাঁর রক্তের গ্রুপ ও নেগেটিভ। চিকিৎসকেরা বলেছেন, দুই ব্যাগ সাদা রক্ত (ফ্রেশ ফ্রোজেন প্লাজমা) লাগবে। কিন্তু কোথাও পাচ্ছেন না তাঁর স্বজনেরা।

মাহবুব যেমন রক্তের সংকটে আছেন, তেমনি অনেক দগ্ধ ব্যক্তির স্বজনদের রক্ত কেনার টাকাও নেই। গত ২৫ নভেম্বর কুমিল্লায় অটোরিকশায় দেওয়া আগুনে দগ্ধ হওয়া চালক মো. রুবেলের স্ত্রী নাসিমা বলেন, ‘দুই ব্যাগ সাদা রক্ত লাগব। কেনার জন্য শান্তিনগরে একজনরে বলছি।’

স্বজনেরা জানান, বার্ন ইউনিট থেকে ওষুধ, মলমসহ সবকিছুই দেওয়া হচ্ছে। তবু তাঁদের রক্তসহ কিছু চিকিৎসাসামগ্রী, খাবার বাইরে থেকে কিনতে হচ্ছে। এতেই তাঁদের অনেক খরচ হয়ে যাচ্ছে।

চোখ খুলেছেন কয়েকজন: শাহবাগে পেট্রলবোমা হামলায় দগ্ধ হওয়া অনেকেই এত দিন জ্বালা-যন্ত্রণায় চোখ খুলতে পারেননি। চোখের আশপাশও গুরুতর দগ্ধ হয়েছিল তাঁদের। তবে গতকাল কয়েকজন চোখ খুলতে পেরেছেন বলে চিকিৎসকেরা জানান। তাঁদের মধ্যে বাসচালক মাহবুব আলম, দোকানকর্মী রিয়াজ হোসেন, মো. শামীম ও কাঁচামাল ব্যবসায়ী আমজাদ হোসেন বসে স্বজনদের সঙ্গে টুকটাক কথাও বলেছেন।

চিকিৎসকেরা বলছেন, তাঁরা আগের চেয়ে ভালো। তবে দগ্ধ রোগীদের ক্ষেত্রে সুস্থ হয়ে বাসায় না ফেরা পর্যন্ত কাউকেই শঙ্কার বাইরে ধরা হয় না।

নতুন ভর্তি আরও কয়েকজন: বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, হরতাল ও অবরোধে আগুনে পোড়া অন্তত ৩৬ জন বার্ন ইউনিটে ভর্তি আছেন। গত শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত আরও আটজন ভর্তি হন।

 গত শনি ও রোববার ভর্তি হন ট্রাকচালক মেহেদী হাসান ও মো. মিলু, সহকারী মো. রুবেল এবং পটুয়াখালীর বাসিন্দা আবদুস সাত্তার। শনিবার সন্ধ্যার পরে ফরিদপুরের হরিসাভায় দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিলে দগ্ধ হন মেহেদী। একই দিন সন্ধ্যার পর মাহফিল শুনে বাসায় ফেরার পথে পটুয়াখালীর বদরপুরে অটোবাইকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হন আবদুস সাত্তার। শনিবার রাত আটটার দিকে ঘোড়াশালের কিছুটা আগে ট্রাকে আগুন দিলে চালক মিলু ও সহযোগী রুবেল দগ্ধ হন।

গতকাল সোমবার ভর্তি হন ট্রাকচালক মো. নয়ন ও মিশুকচালক সুলতান সরদার। গত ২৫ নভেম্বর রাতে ফেনী সদর এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেয়। এতে চালক নয়ন দগ্ধ হন। মাইজদী সদর হাসপাতালে এত দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার রাত আটটার দিকে বরিশালের বামরাইল নামক স্থানে দুর্বৃত্তরা একটি মিশুকে আগুন দেয়। দগ্ধ হন চালক সুলতান।