'শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে গত শুক্রবার বিএনপির মেয়র পদপ্রার্থীদের সঙ্গে এক সভা হয়েছে।
সেখানে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ও বিভাগীয় পৌরসভা নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক সেলিমা রহমান বলেন, ‘স্থানীয়ভাবে নির্বাচন বর্জন করা যাবে না। দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ থাকলেও সবাই ধানের শীষের পক্ষে কাজ করবে। হারি বা জিতি পৌর নির্বাচনে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব।’
নির্বাচন মনিটরিং কমিটির ওই সভায় বিএনপির মেয়র পদপ্রার্থীরা নানা অভিযোগ করেন। এ সময় মুলাদীতে বিএনপির মেয়র পদপ্রার্থী আসাদ মাহমুদ বলেন, পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এখনো নির্বাচনী মাঠে নামেননি। ফলে অন্য কর্মীরাও মাঠে নামছেন না। একই অভিযোগ করেন গৌরনদীতে বিএনপির প্রার্থী শরীফ শফিকুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা প্রথম আলোকে বলেন, গত উপজেলা নির্বাচনে মুলাদীতে মনোনয়ন দেওয়া হয়েছিল ছত্তার খানকে। তখন বর্তমান মেয়র পদপ্রার্থী আসাদ তাঁর পক্ষে কাজ করেননি।
সে কারণে ছত্তার খান ও তাঁর সমর্থকেরা আসাদের পক্ষে মাঠে নামছেন না। একই অবস্থা গৌরনদীতেও। আর বাকেরগঞ্জে সাবেক সাংসদ আবুল হোসেন খানের প্রভাব ও খামখেয়ালিপনার জন্য বিএনপির প্রার্থী সেখানে প্রচারণা চালাতে পারছেন না। এতে দলের প্রার্থীর ক্ষতি হচ্ছে।
তবে এ ব্যাপারে আবুল হোসেন খান বলেন, ‘আমার খামখেয়ালির জন্য প্রচারণা হচ্ছে না, কথাটা ঠিক নয়। মূলত আওয়ামী লীগ প্রার্থীর কর্মী ও সমর্থকদের ভয়ে আমাদের কর্মীরা মাঠে নামতে পারছেন না।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন বলেন, ‘অনেকেরই ধারণা বিএনপি নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াবে। বাস্তবে এটা হবে না। এবার বিএনপি নির্বাচনী মাঠে থাকবে। এটা একটা আন্দোলন। এই আন্দোলনে আমাদের বিজয়ী হতে হবে।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, ‘দলের নেতা-কর্মীরা মামলা-হামলায় আতঙ্কগ্রস্ত।
পৌর নির্বাচনে আমাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
সেলিমা রহমান গতকাল শনিবার মুলাদী পৌর এলাকায় দলের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।
তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ, হতাশা ও শঙ্কা আছে। কিন্তু সব ক্ষোভ দূরে ঠেলে কাজ করতে হবে। আমরা সব কটি পৌর এলাকায় গণসংযোগ শুরু করেছি। ধানের শীষের পক্ষে নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’