'শোককে শক্তিতে পরিণত করে জঙ্গিবাদ নির্মূল করা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের শোক র‍্যালি। চট্টগ্রাম নগরের শহীদ মিনারের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের শোক র‍্যালি। চট্টগ্রাম নগরের শহীদ মিনারের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান অগ্রযাত্রাকে কোনো অপশক্তি রুখতে পারবে না। শোককে শক্তিতে পরিণত করে এ দেশ থেকে চিরতরে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করা হবে।’
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এ কথা বলেন। বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, মাহফুজুর রহমান ও দিদারুল আলম।
মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতা লাভের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যখন দেশ গঠনের কর্মসূচি ঘোষণা করেন, ঠিক সেই মুহূর্তে দেশীয় ও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। হত্যাকারীরা মনে করেছিল, ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশ থেকে স্বাধীনতার চেতনাকে ধ্বংস ও তাঁর নাম মুছে ফেলা যাবে। কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ। তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
স্বাচিপ-ইউএসটিসির সভা: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। যদি আমরা আমাদের স্ব স্ব দায়িত্ব পালন করি, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।’ গতকাল নগরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাচিপ-ইউএসটিসি (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম) সমন্বয় পরিষদ এই সভার আয়োজন করে।
সভায় মেয়র সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
সভায় প্রধান আলোচক ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় পরিষদের সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের নেত্রী কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল এ দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে এসব উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদকে রুখতে হবে।’
মো. আরিফুল আমীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব উত্তম কুমার বড়ুয়া, চট্টগ্রাম জেলার আহ্বায়ক শেখ শফিউল আজম, বিএমএর চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, স্বাচিপের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা সমাবেশ: জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বিকেলে নগরের শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম ও সরওয়ার কামাল, মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান।
সমাবেশে শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।