'শোভাযাত্রায় হাতে ধরা বড় মুখোশে বাধা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখের অনুষ্ঠানে মুখোশ পরে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হলেও শোভাযাত্রায় হাতে করে বড় আকারের মুখোশ বহন করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর পুলিশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় নববর্ষ উদ্যাপনের প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন। অধ্যাপক সহিদ আকতার হুসাইন বলেন, পয়লা বৈশাখে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বরে ঘুরে আবার চারুকলার সামনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার প্রতিপাদ্য ‘অন্তর মম বিকশিত কর অন্তর তর হে’। চারুকলায় দিনব্যাপী চলবে পুতুলনাচ ও নাগরদোলা।