'শোক দিবসে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা'
জাতীয় শোক দিবস উপলক্ষে কেউ চাঁদাবাজি করলে তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আবদুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা সড়ক উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘শোক দিবসের অনুষ্ঠান করতে খুব বেশি টাকা লাগে না। যা লাগে, আমাদের দলের নেতা-কর্মীরা চাঁদা দিয়ে করেন। ফলে এসব অনুষ্ঠান করতে চাঁদাবাজির প্রয়োজন হয় না। তারপরও সমাজে কিছু কিছু চিহ্নিত চাঁদাবাজ আছে, যারা কোনো উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে দেয়। চাঁদাবাজির ঘটনা রোধে আমাদের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স (কোনো ছাড় না দেওয়া) নীতি রয়েছে। শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আবদুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা সড়কটি নির্মাণের কারণে আবদুল্লাহপুর থেকে নরসিংদী পর্যন্ত শক্তিশালী যোগাযোগব্যবস্থা নিশ্চিত হয়েছে। বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) চালু হলে আমাদের বিকল্প রাস্তার প্রয়োজন হবে। এ রাস্তাটি তখন বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে।’
এর আগে ফিতা কেটে ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। ১২ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।
অনুষ্ঠান চলাকালে মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।