'শৌখিন মেয়রের' কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু পৌরসভায় বিশাল আকৃতির ‘নামফলকে মেয়রের কৃতিত্ব’ তুলে ধরা হয়েছে। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের নামে এসব নামফলক স্থাপন করা হয়েছে।
পৌর এলাকার রিকশাচালক দবির উদ্দিন বলেন, ‘দিনতামান (সারা দিন) রিশকা (রিকশা) খ্যাটা কয়ডা টাকা কামাই করা ছোলপলের মুখত ভাত দিবার পারি না। এক দিন রিশকা না খাটলে প্যাটত ভাত জোটে না। সেই দ্যাশত একটা রাস্তার কামের জন্যি নামের পিলেটের এত চাকচোমক কর্যান কী লাভ! ভাল কাম করলে এমনিই মাইনষে মেয়রের কথা মনে থুবি।’ এলাকার রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণির লোকজন নামফলকে মেয়রের কৃতিত্বের কথা তুলে ধরেন।
সরেজমিনে দেখা গেছে, কাহালু পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহালু-মালঞ্চা রাস্তার কাহালু বাজার এলাকায় বিশালাকৃতির একটি নামফলক। মালঞ্চা রাস্তা থেকে মদিনা মসজিদ পর্যন্ত এ রাস্তাটির নির্মাণকাজ চলছে। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার এবং প্রস্থ পোনে তিন মিটার। রাস্তাটি নির্মাণের জন্য ৭৭ লাখ ৬৮ হাজার ৪৫২ টাকা ব্যয় ধরা হয়েছে।
জানা গেছে, দেড় কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধনের জন্য বিশালাকৃতির এই নামফলক নির্মাণ করা হয়েছে। রাস্তার পাশে টাইলস দিয়ে মোড়ানো পাঁচ ফুট উঁচু ও সাড়ে তিন ফুট চওড়া নামফলক নির্মাণের জন্য খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। এলাকায় তিনি ‘শৌখিন মেয়র’ হিসেবে পরিচিত। কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ এ নামফলকের উদ্বোধন করেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত চার বছরে তিনি পৌর এলাকায় সাত-আটটি প্রকল্পের কাজ উদ্বোধন করতে গিয়ে একই ধরনের বিশালাকৃতির নামফলক স্থাপন করেছেন। এসব নামফলকের জন্য ব্যয় হয়েছে প্রায় পোনে তিন লাখ টাকা।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর বিভাগের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং পৌরসভার তত্ত্বাবধানে বেশির ভাগ রাস্তার নির্মাণকাজ করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কাহালু কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার, কাহালু-পালপাড়া, কাহালু-লক্ষ্মীপুর, কাহালু-সাকাটিয়া, কাহালু-উলট্ট মহল্লা, কাহালু-সারাই ও কাইড-রাধাগোবিন্দ মন্দির রাস্তা নির্মাণ।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার সাত-আটজন বলেন, এলাকার রাস্তাঘাট নির্মাণ করলেই এমনিতেই মানুষ মেয়রের কথা মনে রাখবে। এর জন্য এত টাকা খরচ করে নিজের নাম ফুটানোর কোনো প্রয়োজন ছিল না। শুধু এ টাকাটা জলে ফেলা হয়েছে।
কাহালু মালঞ্চা-মদিনা মসজিদ রাস্তার ঠিকাদার আবুল কালাম বলেন, ‘ঢাকায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে তদবির করে ওই রাস্তা নির্মাণের টাকা নিয়ে আসা হয়েছে। মেয়র সাহেব শৌখিন মানুষ বলে আমাকে দিয়ে ওই রকম নামফলক করে নিয়েছেন। এতে প্রায় ৩৫ হাজার টাকা খরচ করতে হয়েছে। এর পর ঢাকার খরচ তো আছেই।’
কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ বলেন, ‘শুধু পৌরসভার রাজস্ব আয় দিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়। আমার ক্ষমতাবলে মন্ত্রণালয়ে তদবির করে ধরনা দিয়ে বরাদ্দ এনে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার বিত্তশালী লোকজন খুশি হয়ে আমাকে না জানিয়ে ওই রকম নামফলক তৈরি করেছেন। কোনো ঠিকাদার অথবা পৌরসভার টাকা দিয়ে নামফলক করা হয়নি। আমি পৌরসভার কোনো টাকা নিজের জন্য খরচ করি না।’