'শ্বশুরবাড়ি'তে ২০ জামাই
সকাল থেকেই মেহমানদের আনাগোনা। তাও যেনতেন মেহমান নন, মেয়ের জামাই। কেউ আসছেন মাটির হাঁড়িতে মিষ্টি নিয়ে। কেউ আবার বাহারি পিঠার পাতিল হাতে। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের টেংরা গ্রামের শিশুপল্লি প্লাসে এভাবেই উদ্যাপিত হয় জামাই উৎসব।
সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, শিশুপল্লি প্লাসের প্রধান ফটক বেশ সাজানো-গোছানো। পরিপাটি করে সাজানো হয়েছে ঘরের বারান্দা ও হাঁটার পথের পাশের গাছগাছালি। মেহমান আসছেন, তাই উঠানজুড়ে ব্যস্ততা। কয়েকজন প্রধান ফটকে অপেক্ষা করছেন অতিথি বরণ করতে। বড় হাঁড়িতে চলছে জামাইয়ের জন্য রান্না। জামাইদের থাকার প্রতিটি কক্ষ সাজানো হয়েছে। এক প্রান্তে চলছে বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি।
শিশুপল্লি প্লাসের সমাজকর্মী (দীর্ঘমেয়াদি প্রকল্প) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, এই প্রতিষ্ঠান থেকে মা-বাবাহারা পুনর্বাসিত সদস্য, যাঁদের প্রতিষ্ঠানের খরচে ও ব্যবস্থাপনায় বিয়ে দেওয়া হয়েছে, তাঁদের জামাইদের প্রতিবছর দাওয়াত দেওয়া হয়। জামাইদের জন্য উপহার হিসেবে থাকে লুঙ্গি, গেঞ্জি। আর তাঁদের সঙ্গে আসা সন্তানদের জন্য থাকে খেলনা। সারা দিন জামাইদের গল্পগুজব ও খেলাধুলা হয়। স্ত্রীরা মেতে থাকেন তাঁদের পুরোনো বন্ধুবান্ধবের আড্ডায়। এবারের জামাই উৎসবে শ্বশুরবাড়িতে এসেছেন মোট ২০ জন জামাই। স্ত্রী-সন্তানসহ মোট অতিথি সংখ্যা ৬০। সবার জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। রান্নায়ও আনা হয়েছে বৈচিত্র্য। বিভিন্ন ধরনের শাকসবজি, ভর্তা, মাছের বাহারি পদ, মাংস, পিঠা-পায়েসসহ রয়েছে আরও নানা খাবারের আয়োজন। দিনের শুরুতে অতিথিদের মৌসুমি ফল খাইয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। বিকেলে প্রতিষ্ঠানের উঠানজুড়ে জামাইদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই আয়োজনে নিরলসভাবে কাজ করছেন প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ) মিয়ান মাইকেল, দীর্ঘমেয়াদি প্রকল্প সমন্বয়ক রাইসা সুলতানা, সমাজকর্মী রেসমা আক্তারসহ প্রতিষ্ঠানটির অন্য কর্তাব্যক্তিরা।
কুষ্টিয়া থেকে এসেছেন এনামুল হক-জেসমিন দম্পতি। জেসমিন শিশুপল্লি প্লাস থেকে বিদায় নিয়েছেন বহু আগে। ঘটা করে তাঁর বিয়ে দেওয়া হয়েছে রংপুরের এনামুল হকের সঙ্গে। এনামুল জানান, প্রতিবছর এখানে বেড়াতে এসে ভালো লাগে। শ্রীপুরের দারগারচালা এলাকার জালালের সঙ্গে বিয়ে হয়েছে প্রতিষ্ঠানের মেয়ে সাহিদার। এই দম্পতির অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়ে আছে। সন্তানসহ বেড়াতে এসেছেন তাঁরা। রাবেয়া আক্তার এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বিয়ে করেন। বর্তমানে কেয়া কসমেটিকস কারখানায় চাকরি করছেন তিনি। তাঁর স্বামী এমদাদুল হকও একই প্রতিষ্ঠানের কর্মী। তাঁরা দুজনই বাক্প্রতিবন্ধী।
রাইসা সুলতানা বলেন, ‘তাঁদের আপ্যায়ন করার তো কেউ নেই। যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি তাঁদের আজীবনের জন্য পুনর্বাসিত করেছে, তাই আমরাই তাঁদের আজীবন অভিভাবক। দেশের বিভিন্ন জায়গায় তাঁরা চাকরি-ব্যবসা করছেন। বছরে দু-একবার তাঁদের দাওয়াত দিয়ে আপ্যায়ন করা হয়। আপনজনের অভাব বুঝতে না দিতেই তাঁদের জন্য আমাদের এই আয়োজন।’
দেশের বিভিন্ন জায়গা থেকে নির্যাতিত বা স্বামী পরিত্যক্ত মায়েরা শিশুদের নিয়ে আশ্রয় নেন শিশুপল্লি প্লাসে। এখানে অবস্থানকালে নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে সাহায্য করা হয়। তা ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদেরও শর্তসাপেক্ষে এখানে আশ্রয় দেওয়া হয়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত শিশুপল্লি প্লাসের প্রতিষ্ঠাতা পরিচালক ব্রিটিশ নাগরিক পেট্রিসিয়া কার।