'শ্রমিক নিতে সৌদি আরবের কোনো নিষেধাজ্ঞা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সৌদি আরব কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র তাইসির আল-মুফারাজ্জকে উদ্ধৃত করে গতকাল সোমবার এ খবর দেয় আরব নিউজ।
আল-মুফারাজ্জ বলেন, ‘বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসার কার্যক্রম চলছেই। বিভিন্ন জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র রমজান মাসেও বাংলাদেশ থেকে অনেক নারী গৃহকর্মী সৌদি আরবে এসেছেন।’
তিনি বলেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে আসা শ্রমিকের সংখ্যা আরও বাড়বে। কেননা মন্ত্রণালয়ের নিয়মনীতি মেনে বাংলাদেশের বেশ কয়েকটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরবে তাদের নিয়োজিত প্রতিষ্ঠানের মাধ্যমে লোক পাঠাচ্ছে।
আল-মুফারাজ্জ বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশে জনশক্তি পাঠানোর চুক্তিতে নানা বিষয় যুক্ত আছে। এর মধ্যে শ্রমিকদের বেতনের বিষয়টিও উল্লেখ আছে। দুই পক্ষের সম্মতিতে গৃহকর্মীদের মাসিক বেতন ধরা হয়েছে ৮০০ সৌদি রিয়াল। তিনি জানান, স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ায় গৃহকর্মী পেতে সৌদি আরব নতুন নতুন দেশ থেকে গৃহকর্মী নিতে চায়। কোনো দেশ আবেদন করলে গৃহকর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে।