'শ্রমিক হত্যার' প্রতিবাদে বেদি নির্মাণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজাধসের ঘটনায় ‘শ্রমিক হত্যার’ প্রতিবাদে ওই ভবনের সামনে আজ শুক্রবার সকাল থেকে বেদি নির্মাণ করছে শহীদ বেদি নির্মাণ কমিটি। সকাল ১০টার দিকে এ বেদি নির্মাণের কাজ শুরু হয়।

কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, রানা প্লাজাধস নিছক কোনো দুর্ঘটনা নয়; বরং এটি একটি হত্যাকাণ্ড। এর প্রতিবাদস্বরূপ এই বেদি নির্মাণ করা হচ্ছে।

বেদি নির্মাণ কমিটির সমন্বয়ক আশিষ কোড়ায়া বলেন, ‘গত ২৪ মে প্রথমবারের মতো সাতটি সংগঠনের পক্ষ থেকে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকটি সংগঠন ও ব্যক্তি আমাদের এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আজকে তার চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে। এই বেদি ঐক্যবদ্ধতার প্রতীক।’

শহীদ বেদি নির্মাণ কমিটির অংশভুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি ওই ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা উপস্থিত রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় তাঁদের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেন।

বেদির নির্মাণকাজ শেষ হওয়ার পর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, রানা প্লাজার সামনে দুপুর ১২টার দিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সাড়ে ১২টার দিকে বিপ্লবী শ্রমিক কমিটি আলাদাভাবে মানববন্ধন করেছে।