রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের দুই পক্ষের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। শ্রমিকনেতাদের দ্বন্দ্বের কারণে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যুৎ উৎপাদনসহ স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে।
গতকাল বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা সদরে তথ্যসেবাকেন্দ্রের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক পক্ষের শ্রমিকনেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল লতিফ, কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলবিদ্যুৎকেন্দ্র শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক মো. আলী আজগর খান।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয়ভাবে দুই পক্ষে বিভক্ত হয়ে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রেও ইউনিয়নে বিভক্তি দেখা দিয়েছে। এক পক্ষে আছেন মো. আবদুল ওহাব ও অন্য পক্ষে মো. রফিকুল ইসলাম। তাঁরা দুজন দুই পক্ষের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে মো. আবদুল ওহাব অভিযোগ করেন, মো. রফিকুল ইসলামের পক্ষে শ্রমিক কম হওয়ায় ও তাঁর গ্রহণযোগ্যতা না থাকায় তিনি মিথ্যার আশ্রয় নেন। তিনি জলবিদ্যুৎকেন্দ্র ও শ্রমিক ইউনিয়ন সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচারের কারণে শ্রমিকেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। রফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যেকোনো সময় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে শ্রমিকেরা বড় ধরনের আন্দোলনে যাবেন।
অভিযোগ অস্বীকার করে মো. রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট সংগঠন, জনবল কম। আমি কাউকে হেয় করার মতো এবং শ্রমিক ও কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ক্ষতি হবে—এমন কোনো কাজ করছি না। বরং আবদুল ওহাব আমাকে ও আমার লোকজনকে হয়রানি করছেন।’