'ধর্মঘট নয়, নিরাপত্তার অভাবে বাস চলাচল বন্ধ'

কেউ কোনো ধর্মঘট ডাকেনি। নিরাপত্তার অভাব বোধ করে বাস মালিক-শ্রমিকেরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল মসজিদে নিহত কলেজছাত্রী দিয়া খানমের জন্য দোয়া মাহফিলে যোগ দিতে এসে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে দিয়ার বাবা জাহাঙ্গীর আলমও ছিলেন। জাহাঙ্গীর বাসচালক। এর আগে মহাখালী বাস টার্মিনালের দোতলায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ বলেন, শ্রমিকেরা নিরাপদ বোধ করলেই গাড়ি চলবে।
তবে মহাখালীতেই এই প্রতিবেদকের কথা হয় অন্তত তিনজন বাসচালকের সঙ্গে। যাঁরা বলছেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তেই তাঁরা বাস চলাচল বন্ধ রেখেছেন।
রাস্তায় আন্দোলনকারীরা নেই, তবু গণপরিবহন চলছে না কেন, জানতে চাইলে শ্রমিকনেতা শাজাহান খান বলেন, ‘এটা কোনো ধর্মঘট নয়। নিরাপত্তার অভাবে গাড়ি বন্ধ রাখা হয়েছে। আপনার নিজের গাড়ি হলেও তো আপনি এ পরিস্থিতিতে বের করতেন না। ড্রাইভারদেরও অনেক জায়গায় মারপিট করছে। সে কারণেই মনে হয় মালিক ও শ্রমিকেরা গাড়ি বন্ধ রেখেছে।’ তিনি আরও বলেন, তবে আজ (শুক্রবার) যে পরিস্থিতিতে এ রকম থাকলে আশা করি শনিবার থেকে গাড়ি চালাবেন মালিক–শ্রমিকেরা। আর নাইট কোচ তো চলছেই।
বিভিন্ন মহল থেকে আপনার পদত্যাগের দাবি উঠেছে, এ বিষয়ে জানতে চাইলে হেসে উঠে শ্রমিকনেতা ও নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘এটা কোনো বিষয় নয়। ওটা বিএনপি দাবি করেছে।’

এর আগে সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েতউল্লাহ বলেন, শুক্রবার পর্যন্ত ছয় দিনে চার শর মতো বাস ভাঙচুর করা হয়েছে। আটটি বাস সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো বাসে বাইরে থেকে পেট্রল এনে গাড়ির কাচের পর্দায় ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যার ফলে মালিক-শ্রমিকেরা নিরাপত্তার অভাবে ভুগছেন। যে কারণে ঢাকাসহ সারা দেশে মালিক-শ্রমিকেরা যাঁর যাঁর গাড়ি বন্ধ রেখেছেন। শ্রমিকেরা নিরাপদ বোধ করলেই গাড়ি চলবে।
খন্দকার এনায়েতুল্লাহ দাবি করেন, ‘এটা আমাদের মালিক-শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়। মালিক–শ্রমিকদের কোনো সংগঠনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে গাড়ি বন্ধ রাখতে বলা হয়নি। নাইট কোচ, ট্রাক তো চলছে।’ এ পরিবহন মালিক ও শ্রমিকনেতা দাবি করেন, তাঁরা ছাত্রদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। সরকার এর মধ্যে অনেক দাবি মেনে নিয়েছে। মোটরযান আইনকে সংশোধন করে সড়ক পরিবহন আইন অনেক পরে গিয়ে সংসদে পাস হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতির কারণে আগামী সংসদেই এটা আইন আকারে পাস হতে যাচ্ছে বলে জানা গেছে। নিয়মশৃঙ্খলা আনার জন্য এটাও একটা পদক্ষেপ। সরকার যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে। এখন শিক্ষার্থীদের উচিত ফিরে যাওয়া।
বাস টার্মিনালের দোতলায় যখন খন্দকার এনায়েতুল্লাহর সংবাদ সম্মেলন চলছিল, তখন বারান্দায় বাস চলাচলবিষয়ক সিদ্ধান্ত জানতে ঘোরাঘুরি করছিলেন বেশ কয়েকজন বাসচালক ও শ্রমিক। তাঁদের দুজন বলেন, তাঁরা কিশোরগঞ্জ রুটের অনন্যা পরিবহনে কাজ করেন। বাস চালানো যাবে কি না, সে সিদ্ধান্ত জানতেই তাঁরা এখানে এসেছেন। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তেই বাস চলাচল বন্ধ বলে তাঁরা জানান।
পরে শ্রমিকদের নিয়ে এক শোকসভায় যোগ দিয়ে শাজাহান খান কুর্মিটোলায় দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে পাঁচ লাখ করে টাকা দেন। এ ছাড়া নিহত শিক্ষার্থীদের দুই ছোট ভাইকে শিক্ষাজীবন শেষ হওয়া পর্যন্ত বৃত্তি দেওয়ার ঘোষণা দেন।