'শ্রমিকেরা মৃত্যু-আতঙ্ক নিয়ে কাজ করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালটিফ্যাবস লিমিটেডের বয়লারে ভয়াবহ বিস্ফোরণের ফাইল ছবি।
মালটিফ্যাবস লিমিটেডের বয়লারে ভয়াবহ বিস্ফোরণের ফাইল ছবি।

মালিকদের উদাসীনতা, গাফিলতি ও অতি মুনাফালোভী মনোভাবের কারণেই গাজীপুরের মালটিফ্যাবস লিমিটেডের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে দাবি শ্রমিকনেতাদের। এ ঘটনায় এই তৈরি পোশাক কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানান তাঁরা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে বিভিন্ন দাবি তুলে ধরেন নেতারা। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আয়োজিত এ সমাবেশে আরও যোগ দেয় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।

সমাবেশে বক্তারা বলেন, গত এপ্রিলে দিনাজপুরের যমুনা অটো রাইস মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণ হয়। ওই ঘটনায় নিহত হন ১৮ জন। সেই রেশ না কাটতেই আবার গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১৩ জন শ্রমিক নিহত হলেন। অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহত শ্রমিকের সংখ্যাও উল্লেখযোগ্য। আর এই বিস্ফোরণ ঘটেছে কেবল কর্তৃপক্ষের অবহেলার জন্য। বয়লারটি মেয়াদোত্তীর্ণ ছিল।

বিস্ফোরণে নিহত তিনজন শ্রমিককে আসামি করে মামলা করার ঘটনা দুঃখজনক উল্লেখ করে স্কপের যুগ্ম সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান বলেন, এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্ত শেষে মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, শ্রমিকদের কর্মক্ষম বয়স কমপক্ষে ৬০ বছর বিবেচনা করে ক্ষতিপূরণ দিতে হবে।

নেতারা বলেন, বিভিন্ন কারখানায় মালিকদের অবহেলায় প্রায়ই শ্রমিক মারা যায়। এসব অপরাধের কখনো বিচার হয় না। মালিকেরা সব সময়ই শাস্তির বাইরে থেকে যান। সরকারকে শ্রমিকবান্ধব হিসেবে প্রমাণ দিতে এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রম আইন সংশোধনের দাবি জানান তাঁরা।

তবে এসবের পেছনে আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্র জড়িত—এমন মন্তব্য করে শ্রমিকনেতা শুক্কুর মাহমুদ বলেন, ‘দেশের পোশাক কারখানার সুনাম নষ্টের চেষ্টা চলছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এখন সারা দেশের শ্রমিকেরা মৃত্যু-আতঙ্ক নিয়ে কাজ করছে। এই অবস্থার অবসান সরকারকেই করতে হবে।’

সমাবেশ শেষে মালটিফ্যাবস লিমিটেডের মালিকের শাস্তি ও শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে একটি প্রতিবাদ মিছিল করা হয়।