'ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার মেয়াদ পূর্ণ করবে'
জাতীয় সংসদের হুইপ মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘এ সরকারকে (আওয়ামী লীগ) নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। তাতে কোনো লাভ হবে না। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার মেয়াদ পূরণ করবে।’
শাহাব উদ্দিন গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। হুইপ মনোনীত হওয়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
বেলা দেড়টার দিকে জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আজির উদ্দিন। বড়লেখা উপজেলায়ও শাহাব উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে সদরের দক্ষিণ বাজার এলাকায় আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি নিমার আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন, আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রণয় কুমার দে, যুবলীগের উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল কাদির প্রমুখ।