'সংক্রান্তি' প্রদর্শনী শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পাঁচ দিনব্যাপী মঞ্চনাটক সংক্রান্তির প্রদর্শনী শুরু হচ্ছে। দীর্ঘদিন উন্নয়নকাজ চলার পর এই প্রথম বনমালী মঞ্চে বড় পরিসরে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। ফলে প্রাণ ফিরে পেতে চলেছে জেলার নাট্য অঙ্গন।
বনমালী শিল্পকলা কেন্দ্র সূত্রে জানা যায়, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ রচিত নাটকটি পাবনায় প্রথম মঞ্চস্থ করছে নাট্য সংগঠন অনুশীলন-৮০। নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা, নির্দেশক আবদুল হান্নান শেলী ও আনিসুর রহমান। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে প্রদর্শনী শুরু হবে। নাটকটি মঞ্চায়নে সহযোগিতা করছে শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
আবদুল হান্নান শেলী জানান, জেলার নবীন-প্রবীণ কিছু নাট্যকর্মীকে নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে। নাট্যকার মামুনুর রশীদ নাটকটিতে গ্রামের বিত্তহীন মানুষের সুখ-দুঃখ তুলে ধরেছেন। একটি গ্রামের কিছু বিত্তহীন মানুষ সঙ সেজে, ঢাক-ঢোল বাজিয়ে অন্যদের আনন্দ দিত। যা আয় হতো, তা দিয়ে তাদের সংসার চলত। কিন্তু একপর্যায়ে ওই গ্রামের প্রভাবশালীরা তাদের এই কাজে বাধা দেয় ও শিল্পকর্মের সব যন্ত্রপাতি কেড়ে নেয়। এতে গ্রামের ওই মানুষগুলোর জীবনে ক্রান্তিকাল নেমে আসে।
এদিকে বনমালী শিল্পকলা কেন্দ্র মঞ্চে আবার নাটক মঞ্চস্থ করার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পাবনার নাট্যকর্মীরা। জেলার অন্য সংগঠনগুলোও নতুন নাটক তৈরি করছে। নাট্য সংগঠন গণমঞ্চের সদস্য স্বাধীন মজুমদার জানান, সংক্রান্তির প্রদর্শনী শেষ হলে আগামী ১৭ মে থেকে তাঁদের নাটক কোর্ট মার্শাল-এর প্রদর্শনী শুরু হবে। তাঁদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, এখন শেষ মুহূর্তের মহড়া চলছে।
পাবনা ড্রামা সার্কেলের সভাপতি হাফিজ রতন বলেন, ‘দীর্ঘদিন পর বনমালী মঞ্চে নাটকের জন্য প্রস্তুত হওয়ায় আমরা বেশ আনন্দিত। মঞ্চায়নের জন্য ইতিমধ্যেই আমরা দুটি নতুন নাটকের কাজ শুরু করেছি। আশা করছি, শিগগিরই নাটক দুটি মঞ্চায়ন করা হবে।
১৯২৪ সালে পাবনার জমিদার বনমালী রায়ের দুই ছেলে ক্ষীতিশ রায় ও রাধিকা রায় এই বনমালী মঞ্চ প্রতিষ্ঠা করেন। এর পর থেকেই পাবনার নাট্য সংগঠনগুলো এখানে মঞ্চনাটক প্রদর্শন করে আসছিল। ২০০৯ সালে মঞ্চটি আধুনিকীকরণের কাজ শুরু হয়। দীর্ঘদিন পর আবার মঞ্চটিতে নাটক প্রদর্শন শুরু হলো।