'সংখ্যা দিয়ে গণহত্যার ভয়াবহতা মাপা যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাংলাদেশে গণহত্যা ও বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে গতকাল বক্তব্য দেন গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞ ড্যানিয়েল ফেয়ারস্টেইন (ডানে) l ছবি: প্রথম আলো
‘বাংলাদেশে গণহত্যা ও বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে গতকাল বক্তব্য দেন গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞ ড্যানিয়েল ফেয়ারস্টেইন (ডানে) l ছবি: প্রথম আলো

গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সমিতির সভাপতি ড্যানিয়েল ফেয়ারস্টেইন বলেছেন, সংখ্যা দিয়ে গণহত্যার ভয়াবহতা পরিমাপ করা যায় না। গণহত্যার ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রকৃত সংখ্যাও কখনো নির্ণয় করা সম্ভব নয়।
‘বাংলাদেশে গণহত্যা ও বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে গতকাল রোববার ফেয়ারস্টেইন এ কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে তিন দিনের এ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
সম্মেলনে গণহত্যার কারণ ও প্রতিরোধের উপায়বিষয়ক আলোচনা পর্বে ফেয়ারস্টেইন আরও বলেন, মানুষ হত্যা বা নিশ্চিহ্ন করা গণহত্যার উদ্দেশ্য নয়। বরং গণহত্যা এমন একটি হাতিয়ার যা দিয়ে একটি সমাজকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয়ভাবে বদলে দিয়ে মতাদর্শের আধিপত্য নিশ্চিত করা যায়।
অর্ধশতাব্দী ধরে দেশে দেশে বিভিন্ন ধরনের গণহত্যার ধরন তুলে ধরেন ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজের সাবেক পরিচালক আশিস নন্দী। তিনি বলেন, দুর্ভিক্ষকেও গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে বাংলায় প্রায় ৩০ লাখ মানুষ খাবারের অভাবে মারা গেছে, অথচ ওই সময় ফসল উৎপাদন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। বাংলার মানুষ খেতে পায়নি, আর উইনস্টন চার্চিল এখান থেকে খাদ্যশস্য নিয়ে যুক্তরাজ্যে খাবারের স্তূপ তৈরি করেছেন।
আলোচনার এ পর্বে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট এবং ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা।
নয়টি দেশ থেকে ১৭ জন গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞ, বিচারক ও শিক্ষাবিদ এ সম্মেলনে অংশ নেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও তিন দিনে আটটি আলোচনা পর্ব হয়। গতকাল এমন একটি পর্বে বক্তব্য দেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, আসিফ মুনীর, নিজামউদ্দিন আহমেদ প্রমুখ।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে যে ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ঘটেছে, তার বিচারের মূল লক্ষ্য বিচারহীনতার সংস্কৃতি দূর করা।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, অপরাধীদের শাস্তি দেওয়াই শুধু বিচারের লক্ষ্য থাকে না, বরং অপরাধের ফলে সৃষ্ট ক্ষত নিরাময় ও সত্য প্রতিষ্ঠার জন্যই বিচার। যেসব দেশ গণহত্যার ভয়াবহতার মুখোমুখি হয়েছে, সেসব দেশে গণহত্যার বিচারপ্রক্রিয়া এবং ঘাত-প্রতিঘাতের অভিজ্ঞতা বিনিময় করার জন্যই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে অংশ নেওয়া বিদেশি বিশেষজ্ঞদের পক্ষে দেওয়া যুক্ত বিবৃতি সমাপনী অনুষ্ঠানে পড়ে শোনান গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞ হেলেন জারভিস। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ বিভিন্ন দেশে যাঁরা গণহত্যার মতো ভয়াল অপরাধের শিকার হয়েছেন, বছরের পর বছর ধরে ন্যায়বিচারের জন্য তাঁদের অপেক্ষা করতে হয়েছে। কিন্তু এযাবৎকালের অর্জনে দেখা যায়, দেরি হলেই বিচার থেকে বঞ্চিত হতে হবে, এমনটা নয়।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণহত্যাবিশেষজ্ঞ সুইজারল্যান্ডের মিশেল গটরেট, আর্জেন্টিনার আইরিন মাসিমিনো ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।