'সংখ্যালঘু সুরক্ষা আইন' প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনকে কেন্দ্র করে হিন্দুধর্মাবলম্বীদের ওপর নৃশংস হামলা ও নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। এই হামলা ও নির্যাতন কোনো কোনো ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রাম চলাকালীন অত্যাচারকেও হার মানাচ্ছে। নানা অজুহাতে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে অত্যাচার ও নির্যাতন চলে আসছে এ পর্যন্ত তার কোনো বিচারও হয়নি। ফলে এসব কাজে যাঁরা জড়িত তাঁরা আরও উত্সাহ পাচ্ছেন। তাই প্রয়োজনে আইন করে সনাতন ধর্মাবলম্বী মানুষের ওপর হামলা ও নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে।

একই সঙ্গে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচার করা; হামলা-নির্যাতনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা প্রধানমন্ত্রীকে পরিদর্শন করার দাবি জানানো হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে।

বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদের সভাপতি হীরেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, সংগঠনের সদস্যসচিব দিলীপ ভদ্র, জে কে পাল, জিতেন্দ্র চন্দ্র ভ্রমণ, ডি এল চৌধুরী, নির্মল চৌধুরী, বিজন ভৌমিক প্রমুখ।