'সংখ্যালঘুদের দেশছাড়া করে গণতন্ত্র-সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না'
সংখ্যালঘু জনগোষ্ঠীকে অসহায়ত্বে রেখে বা বিপদে ঠেলে দিয়ে শান্তি ও স্বস্তিতে থাকার কথা যাঁরা ভাবছেন, তাঁদের ভাবনা সফল হবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন করে, তাদের দেশছাড়া করে গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
রানা দাশগুপ্ত অভিযোগ করেন, ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রায় ৩২টি জেলায় হামলা হয়েছে। ৪৮৫টিরও বেশি সংখ্যালঘু পরিবারের বাড়িঘর, ৫৭৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, ১৫২টি মন্দির ও উপাসনালয়ে ভাঙচুর, হামলা ও আগুন দেওয়া হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর গত চার দিনে দুই হাজার ৫০০ পরিবারের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, সংখ্যালঘুরা কখনো নিজ ইচ্ছায় দেশ ছাড়েনি। তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সরকারি পর্যায়ে সন্ত্রাস দমন আইন, দ্রুতবিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের, যথাযথ শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা, ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, আহতদের সরকারি খরচে চিকিত্সার ব্যবস্থা, সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা চিরতরে বন্ধ করা, ২০০১ সালের নির্বাচনের পর সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে সাহাবুদ্দিন কমিশনের রিপোর্টের সুপারিশগুলো যথাযথ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া ও দলমত-নির্বিশেষে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত কেউ যাতে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পায়, সেটা নিশ্চিত করা।
এ ছাড়াও সাম্প্রদায়িক হামলা বন্ধ এবং সংখ্যালঘুদের জনজীবনের বাস্তব চিত্র তুলে ধরতে আগামী শনিবার (১১ জানুয়ারি) বেলা তিনটার দিকে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ-সমাবেশ ও কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার দেব, কাজল দেবনাথ, নির্মল রোজারিও প্রমুখ।