'সংখ্যালঘুদের নিরাপত্তায়' কাল জামায়াতের বিক্ষোভ
ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের ‘নিরাপত্তাহীনতায়’ উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি বাংলাদেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কাল শনিবার সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন।
উল্লেখ্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার জন্য জামায়াতকে দায়ী করে থাকে।
বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন রাজনৈতিক সংকট সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দলীয় সন্ত্রাসীদের দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের দোকানপাট, বাড়িঘর, মন্দির, গির্জা ও প্যাগোডায় হামলা চালায়। এর জন্য জামায়াত-শিবিরসহ বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করে থাকে। কিন্তু বারবারই প্রমাণ হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার সঙ্গে জামায়াত-শিবির কখনো জড়িত ছিল না। জামায়াত সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের কোনো ইসলামি দলের নেতা-কর্মীরা কখনো সংখ্যালঘুদের বাড়ি, ঘর, উপাসনালয়, দোকানপাটে হামলা করে না, বরং হামলা প্রতিরোধ করে। আওয়ামী লীগের লোকেরাই সংখ্যালঘুদের বাড়িঘর, জমাজমি দখল করেছে এবং সংখ্যালঘুদের সব সময়ই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে থাকে।
বিবৃতিতে ঘোষিত কর্মসূচি সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।