'সংঘবদ্ধ হলেই মৌলবাদের শিকড় উৎপাটন সম্ভব '
‘দেশে বর্তমানে কেউই নিরাপদে নেই। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও রয়েছেন। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভীত নই। তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সংঘবদ্ধ হতে পারলেই মৌলবাদের শিকড় উৎপাটন করা সম্ভব হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান এসব কথা বলেন।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এ সংবাদ সম্মেলনে আগামী ১ থেকে ৭ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় ক্যাম্পাসের মধ্যে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী সাংস্কৃতিক সপ্তাহ পালন, ২ মে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি ও ক্যাম্পাসের হাদী চত্বরে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন, ৪ মে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং এদিন সন্ধ্যায় নগরের শিববাড়ি মোড় থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত আলোর মিছিল কর্মসূচি পালন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান। তিনি বলেন, রেজাউল করিমসহ সাম্প্রতিক সময়ে যত হত্যাকাণ্ড ঘটেছে, সেসব ঘটনার অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।