‘সংঘাত এড়াতে দুই নেত্রীর সংলাপের বিকল্প নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু নির্বাচন করা এবং রাজনৈতিক সংঘাত এড়ানোর জন্য দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সংলাপে বসানোর কোনো বিকল্প নেই। গতকাল শনিবার মানবাধিকারবিষয়ক সংগঠন ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র ত্রয়োদশ জাতীয় সম্মেলনে বিশিষ্টজনেরা এসব কথা বলেছেন। সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। বিএনপির তত্ত্বাবধায়ক আর আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘...সাধারণ মানুষ হিসেবে আমরা তাঁদের প্রস্তাবিত সরকারের রূপরেখা সম্পর্কে জানতে চাই। সে জন্য যেকোনো উপায়ে তাঁদের সংলাপে বসাতে হবে। প্রয়োজনে এমন জনমত বা পরিবেশ তৈরি করতে হবে, যাতে তাঁরা বসতে বাধ্য হন।’ রফিক-উল হক আরও বলেন, দুই দলের আলোচনার মাধ্যমে সরকার গঠন করে নির্বাচন দিলেই কেবল সেটা গ্রহণযোগ্য হবে। সম্মেলনে মূল প্রবন্ধে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা নাজমুল হুদা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তাঁর নিজস্ব রূপরেখা তুলে ধরেন। তাতে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে দুই নেত্রী ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৯০ দিন আগে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সংলাপে বসার আহ্বান জানাবেন। দুই নেত্রীকে সংলাপে বসানোর দাবিতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তাব দেন আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান। সম্মেলনের সভাপতি ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আসাফ্উদ্দৌলাহ্ বলেন, ‘ঘরে ঢুকে পুলিশ যখন-তখন যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে। এটা তো সংবিধান অনুমোদন করে না।’