গণঐক্য কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ‘সংঘাত-সংঘর্ষ ও হানাহানি বন্ধ করে আপনারা সংলাপে বসুন। এ দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের কেউ দেয়নি।’ গত শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গণঐক্য কমিটির জেলা আহ্বায়ক অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে বৃহত্তর ময়মনসিংহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, পার্বত্য জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, দেশীয় চিকিত্সক সমিতি ও পার্বত্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি মিজানুর রহমান এবং গণঐক্য কমিটি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখর চৌধুরী প্রমুখ।