'সংবাদপত্রে বঙ্গবন্ধু' বইয়ের আরেক খণ্ড প্রকাশিত

‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। এতে স্থান পেয়েছে ৬০ এর দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকার সংবাদ।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু: দ্বিতীয় খণ্ড, ষাটের দশক, প্রথম পর্ব’ বইটি প্রকাশ করেছে। আজ শুক্রবার দুপুরে পিআইবি মিলনায়তনে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির ধূমকেতু নন, তিনি রাজনীতির ধ্রুবতারা। তিনি কেবল রাজনীতির কবি নন, রাজনীতির মহান রণকৌশলী। বঙ্গবন্ধু নিজেই ইতিহাস সৃষ্টিকারী। তাঁর ইতিহাস সোনার খনি। সে খনি খননের কাজ চলছে। এখনো অনেক কাজ বাকি।’
বইটি সংকলনের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুপার নিউম্যারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, কোনো কাজই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। এই বইটিতেও ভুল থাকতে পারে। সে দায় তাঁরা নেবেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তবে বাংলাদেশ হতো না। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন নেত্রী ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে জনগণের নিন্দা পাচ্ছেন।
অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।