'সংবাদপত্রের দায়িত্ব সমাজের অসংগতি তুলে ধরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রের মূল দায়িত্ব সমাজের অন্যায়, অসংগতি তুলে ধরা; সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করলেই সংবাদপত্র বিরোধী দলের ভূমিকা পালন করছে, এটি ভাবার যুক্তিসংগত কারণ নেই। কারণ সংবাদপত্র ভিন্নমত ও বিরোধীদের বক্তব্য তুলে ধরে। কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে না।
গতকাল শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’-এ এক ‘কথন’ অনুষ্ঠানে এ বক্তব্য উঠে আসে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রথম আলোর পরামর্শক সম্পাদক কামাল আহমেদ। এ ছাড়া অংশ নেন বিশ্ববিদ্যালয়টির রাজনীতি-দর্শন-অর্থনীতি বিভাগের অধ্যাপক সারাহ শেহাবুদ্দিন ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
কামাল আহমেদ বলেন, প্রযুক্তির উৎকর্ষের কারণে বিশ্বজুড়েই সংবাদপত্রকে এখন অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমের কারণে পাঠক দিনের খবর দিনেই পেয়ে যাচ্ছে। সে কারণে সংবাদপত্রকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে আরও গভীর, অনুসন্ধানমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলাদেশের সংবাদপত্রের বর্তমান ভূমিকা ও করণীয় সম্পর্কে তাঁদের মতামত দেন ও প্রশ্ন করেন। কামাল আহমেদ তাঁদের প্রশ্নের উত্তর দেন। প্রথম আলোর আপসহীন নীতি ও ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে কামাল আহমেদ বলেন, বাংলাদেশের সংবাদপত্রগুলো মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। কখনো কখনো মালিকপক্ষের নীতির কারণ এ চর্চার ক্ষেত্রে বাধা হতে পারে। তবে বেশির ভাগ সম্পাদক ও সাংবাদিক সত্য প্রকাশের জন্য লড়াই করেন।