'সংবিধান হতে হবে দুর্বলকে রক্ষার জন্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সংবিধান হতে হবে রাষ্ট্রের সবচেয়ে দুর্বল মানুষটিকে রক্ষা করার জন্য। মানুষের মৌলিক চাহিদা পূরণই সংবিধানের লক্ষ্য হওয়া উচিত, কারও ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণ নয়।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ৪৪তম সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট ফর কনস্টিটিউশনাল স্টাডিজ এই আলোচনা সভার আয়োজন করে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, সংবিধান কতটা ভালো সেটা বড় কথা নয়, সংবিধান কারা ব্যবহার করছেন, কত ভালোভাবে করছেন, সেটা বড় কথা। বাংলাদেশের সংবিধান খুব একটা খারাপ সংবিধান না।
মূল আলোচক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়ার দিকে তাকালে দেখা যায়, আমাদের দেশে সংবিধানসম্মত ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রহীনতা।’
সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান বইয়ের লেখক আরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি আয়োজিত এক সমাবেশে বক্তারা সংবিধান থেকে সাম্প্রদায়িক ধারা বাতিলের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি খালেকুজ্জামান।