'সংবিধানসম্মত' সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়নি সরকার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু

ঢাকাসহ সারা দেশে ‘সংবিধানসম্মত’ সভা-সমাবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা সরকার দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেছেন, সংবিধানসম্মত সভা-সমাবেশ করার ব্যাপারে আগেও কোনো বিধিনিষেধ ছিল না, এখনো নেই। তবে সন্ত্রাসী বা জঙ্গিদের জন্য কর্মসূচি করার অনুমতি দেবে না তার সরকার।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’র বৈঠক শেষে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, সমাবেশের নামে যারা নাশকতা করবে, জানমালের ক্ষয়ক্ষতি করবে, তাদের ব্যাপারে শুধু এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে এ ধরনের সমাবেশ আইনসম্মত নয়। তবে অন্যদের বেলায় কোনো বিধিনিষেধ কার্যকর হবে না।’
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গতকাল সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য না শুনেই বিএনপি ওয়াকআউট করেছে, এটা কোনো গণতান্ত্রিক আচরণ নয়।

সংসদ থেকে ওয়াকআউটের জন্য বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণ বলছে, তারা শুধু বেতন ও অন্যান্য সুবিধা নেওয়ার জন্যই সংসদে উপস্থিত হয়ে ওয়াকআউট করেছে।’ ১৮-দলীয় জোটের নেতা গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক, তা চান না বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, বৈঠকে কমিটির পরবর্তী সভায় সাইবার অপরাধ ও মিথ্যা প্রচারণা বন্ধে একটি তদারকি সেল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিমন্ত্রী এ ব্যাপারে বলেন, ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি তত্পরতা ও অপপ্রচার নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগের’ প্রেক্ষাপটে সাইবার অপরাধ প্রতিরোধে এ সেল করা হবে। তিনি জানান, এই সেল ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করবে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।

এ ছাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের লভ্যাংশের একটি অংশ বাধ্যতামূলকভাবে যাতে সামাজিক কাজে ব্যয় করে, সে ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে বৈঠকে জানানো হয়। প্রতিমন্ত্রী বলেন, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র বা বিজ্ঞাপন নির্মাণ ও পুস্তিকা প্রকাশে উত্সাহিত করা হবে। আর এ জন্য ‘সিএসআর নীতিমালা’ সংশোধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জঙ্গিবাদবিরোধী প্রচারে প্রতিটি জেলা প্রশাসন, তথ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে। জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা গড়ে তোলা হচ্ছে। অতীতের সরকারের সময়ে বিভিন্ন কার্যক্রমে জঙ্গিবাদ প্রতিষ্ঠা পেয়েছিল। তবে বর্তমান সরকারের সাড়ে চার বছরে জঙ্গিবাদীরা এমন সাহস পায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার, অতিরিক্তি সচিব কামাল উদ্দিন আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।