‘সংবিধানে সমতার কথা থাকলেও অনেকেই সুবিধাবঞ্চিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যৌনকর্মী বলে আমাদের সন্তানেরা স্কুলে ভর্তি হতে পারে না। আমি কি ১৬ কোটি মানুষের মধ্যে পড়ি না? আমি কি ভোট দিই না? তাহলে কেন বৈষম্যের শিকার হচ্ছি?’ আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলেন একজন যৌনকর্মী।গতকাল শনিবার রাজধানীতে ‘সবার জন্য সমান সুযোগ: বৈষম্যবিরোধী আইন প্রণয়নের প্রস্তাব’ শীর্ষক এক পরামর্শ সভায় প্রশ্নটি তোলেন ওই যৌনকর্মী। আক্ষেপ করে ওই যৌনকর্মী আরও বলেন, অ্যাসিড-সন্ত্রাস, ইভ টিজিং (উত্ত্যক্তকরণ) হলে প্রতিকারে আইন আছে, কিন্তু আমাদের সমস্যার কোনো প্রতিকার নেই।রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মানবাধিকার কমিশন ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে গবেষণা-সহায়তা দেয় আইন কমিশন। বৈষম্যবিরোধী আইন প্রণয়নের সুপারিশের লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা বলেন, সংবিধানে নাগরিকদের সবার সমতার কথা আছে। কিন্তু দলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হরিজন, মুচি, জলদাস, চণ্ডাল ও ডোমসহ অনেকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। তারা এ ক্ষেত্রে হিজড়া, চা-বাগানের শ্রমিক, জোলা ও নাপিতের কথাও উল্লেখ করেন। বক্তারা বৈষম্য দূর করতে অবহেলিত এ জনগোষ্ঠীর পেশাগুলোর মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ অবসানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমরা একটা বৈষম্যমূলক সমাজে বসবাস করি। যেখানে লিঙ্গবৈষম্য রয়েছে, সম্পদের বৈষম্য রয়েছে, ক্ষমতায় যাওয়ার অধিকারে রয়েছে বৈষম্য । মানবাধিকার কমিশন ও আইন কমিশন বৈষম্যবিরোধী আইনের একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে এগোচ্ছে।’বিভিন্ন ক্ষেত্রে কোটা পদ্ধতি প্রবর্তনের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, যদি সমতাভিত্তিক সমাজই থাকত, তাহলে নারী কোটা দরকার ছিল না। সমান অধিকার নিশ্চিত নয় বলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা নেবে। তিনি বলেন, শাস্তির বিধানসংবলিত আইন তৈরি করাই বাঞ্ছনীয়। সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রসঙ্গ তুলে হাসানুল হক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি চোখ খুলে দেখেন, জামায়াত-শিবিরের সশস্ত্র গুণ্ডারা কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ পরিচালনা করছে। কীভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই বৈষম্যবিরোধী আইনের প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্র কোনোভাবেই সংখ্যালঘুদের, দলিত শ্রেণীর যারা বৈষম্যের শিকার, তাদের কাছ থেকে দূরে চলে যেতে পারে না। নিরাপত্তাহীনতা থেকে নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে—এটা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। এ দায়িত্ব নিশ্চিত করতে হলে জনগণের জোট বাঁধা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না।আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম বলেন, সুরক্ষা ও অধিকার বাস্তবায়নের জন্য আইনের প্রস্তাব করা হয়েছে। অসাম্যের চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। যার যার কাজ ভালোভাবে করাটাই মর্যাদার।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেসের (ব্লাস্ট) সাম্মানিক নির্বাহী পরিচালক সারা হোসেন, অধ্যাপক সোনিয়া নিশাত আমিন প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক। ধারণাপত্র পাঠ করেন লুবনা ইয়াসিন।