'সংরক্ষণের অভাবে পাহাড়ের অনেক ভাষা হারিয়ে যেতে বসেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন উপলক্ষে স্মারক সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) সাহিত্যিক ক্রইঞোরি চৌধুরী, অধ্যাপক আফসার আহমেদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা l ছবি: প্রথম আলো
পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন উপলক্ষে স্মারক সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) সাহিত্যিক ক্রইঞোরি চৌধুরী, অধ্যাপক আফসার আহমেদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা l ছবি: প্রথম আলো

পাহাড়ে ১৩ ভাষাভাষী মানুষের বসবাস। কিন্তু সংরক্ষণের অভাবে অনেক ভাষা হারিয়ে যেতে বসেছে। এ ছাড়া মত প্রকাশের অধিকার না থাকায় সহিত্যচর্চারও অগ্রগতি হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন ও প্রকৃতি নিয়ে এখানকার মানুষের জীবন। যদি প্রকৃতি ও বন উজাড় হয়ে যায়, তাহলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। তিনি বলেন, পাহাড়ের বন ও জীববৈচিত্র্য হুমকির মুখে।
সম্মেলনের উদ্বোধক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. আফসার আহম্মদ বলেন, যদি মাতৃভাষায় কথা বলা না যায়, তাহলে নিজের ভাষায় ত্রুটি থেকে যাবে।

পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিশির চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভারতের ত্রিপুরা রাজ্যের মারমা সম্প্রদায়ের লেখক ও সাহিত্যিক ক্রইঞোরি চৌধুরী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্যের চাকমা সম্প্রদায়ের লেখক গৌতম লাল চাকমা।

একটি বইয়ের মোড়ক উম্মোচন ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।