'সংলাপ নিয়ে খেলছে বিরোধী দল'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিরোধী দল সংলাপ নিয়ে খেলছে। দক্ষিণাঞ্চল সফরের দ্বিতীয় ও শেষ দিনে গতকাল শনিবার খুলনা সার্কিট হাউসে আওয়ামী লীগের স্থনীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সংলাপ সম্পর্কে জয় বলেন, অনির্বাচিত সরকারের অত্যচার ও অনিয়মের অভিজ্ঞতা থেকেই আর এ ধরনের সরকারকে এনে গণতন্ত্র হুমকির মধ্যে ফেলা হবে না। তাই প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। এ জন্য বিরোধী দলের প্রতি সরকারের সংলাপের আহ্বান এখনো বহাল রয়েছে। বর্তমান সরকার চায় সব দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচন করতে।
দুই নেত্রীর ফোনালাপের সময় খালেদা জিয়া মিথ্যাচার করেছেন অভিযোগ করে জয় বলেন, দেশের মানুষ এ ফোনালাপ শুনেছে। এর প্রতিফলন পড়বে আগামী দিনের রাজনীতিতে।
জয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা। তাঁর এ সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনার ছেলে রেদওয়ান সিদ্দিকী।
বিরোধী দলের হরতাল-কর্মসূচির কঠোর সমালোচনা করে জয় বলেন, হরতালের নামে ককটেল-বোমা হামলা, সন্ত্রাস ও নির্যাতনের মাধ্যমে বিরোধী জোট তাদের মৌলিক রাজনৈতিক চরিত্র ও মতাদর্শের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। মানুষ হত্যা ও সম্পদ বিনষ্টের প্রতিযোগিতায় নেমেছে বিরোধী দল। হরতাল ও আন্দোলনের ভয় আওয়ামী লীগ পায় না।
জয় বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। নৌকায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে বাগেরহাট থেকে খুলনায় পৌঁছান জয়। জয়কে বহনকারী গাড়িবহর সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার ওপর দিয়ে বাগেরহাট-মাওয়া সড়কপথে রূপসা সেতু অতিক্রম করেন। পথে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জয়কে শুভেচ্ছা জানান।
বেলা ১১টার দিকে খুলনার একটি হোটেলে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন জয়। ওই সভায় তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গতকাল সন্ধ্যায় যশোর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চল সফর শেষ করেন জয়।