'সংলাপে বসতে প্রস্তুত বিএনপি'
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি সংলাপে বসার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু সরকারের পক্ষ থেকে সংলাপের ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার যদি চায়, যেকোনো সময় বিএনপি সংলাপে বসতে রাজি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলীর নেতৃত্বে দেশটির ছয় সদস্যদের সংসদীয় প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় খালেদা জিয়া ব্রিটিশ প্রতিনিধিদলকে এসব কথা বলেছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী।
এর আগে সৌজন্য সাক্ষাৎ শেষে রুশনারা আলী সাংবাদিকদের বলেন, ‘বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা কাউকে কোনো চাপ দিচ্ছি না। আমরা চাই, কোনো সমস্যা থাকলে তা সংলাপের মাধ্যমে নিরসন হোক। এ ব্যাপারে সংলাপের কোনো বিকল্প নেই। জনগণ যা চায়, রাজনীতিবিদদের তা-ই করা উচিত।’
সাক্ষাতের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।