'সংলাপের কথা তো আমরা বলছি না, বলছেন বিদেশিরা'
‘সংলাপের কথা তো আমরা বলছি না, বলছেন বিদেশিরা’—এমন মন্তব্য করে মধ্যবর্তী নির্বাচন শুধু নয়, সংলাপেরও সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীনসহ সবাই নির্বাচনকে গ্রহণ করেছে। তাই মধ্যবর্তী নির্বাচনের সুযোগ কম। তিনি বলেন, ‘নির্বাচন ছিল সব দলের জন্যই। কিন্তু তা প্রত্যাখ্যান করল বিএনপি। সরকার নির্বাচিত হয়েছে পাঁচ বছরের মেয়াদে। তার আগে নির্বাচনের সম্ভাবনা আমি দেখি না।’
নতুন সরকারের শুরুর দিক থেকেই সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে—উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপিকে ইইউ বলেছিল সহিংসতা বন্ধ করতে এবং জামায়াতে ইসলামীকে ত্যাগ করতে। বিএনপির সাম্প্রতিক সমাবেশে জামায়াত ওইভাবে দৃশ্যমান ছিল না।
তোফায়েল আহমেদ বলেন, উইলিয়াম হানা তাঁকে বলেছেন যে, ‘এবার তো সংলাপের আয়োজন হতেই পারে। আমি তাঁকে বলেছি সংলাপ একটি চলমান প্রক্রিয়া।’
সরকারের প্রায় সব মন্ত্রীই বলছেন সরকার পাঁচ জন্য, তাহলে সংলাপটা কিসের—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সংলাপের কথা তো আমরা বলছি না, বলছেন বিদেশিরা।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তো বললেন কোনো বিদেশি চাপ নেই, আপনিও কি এমনটাই বলছেন?—এই প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘না, কোনো চাপ নেই। রাষ্ট্রদূতরা আমাদের সঙ্গে বৈঠক করছেন, বিদেশের সরকারপ্রধানেরাও নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। রাষ্ট্রদূতেরা যখন অভিনন্দন জানান, তাতে মনে হয় ভবিষ্যতেও চাপ থাকব না।’
বিএনপি আর সহিংস কাজ করবে না বলে আশাবাদী বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, চলন্ত বাসে নিষ্পাপ শিশুকে পুড়িয়ে মারলে যে লাভ হয় না, তা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে। দেশের ভেতরে ও বাইরে কারুরই সমর্থন নেই এসব হত্যাযজ্ঞে।