'সংলাপের সম্ভাবনা এখনো আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সব সম্ভাবনা এখনো রয়েছে। তবে এটা সহজ হবে না।
গতকাল বুধবার সকালে সস্ত্রীক নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের মজীনা এ কথা বলেন। তিনি বলেন, সংলাপ শেষ পর্যন্ত হবে। এটাই বাংলাদেশের রীতি। তিনি আশা প্রকাশ করেন, সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই অনুষ্ঠিত হবে।
কুমুদিনী কমপ্লেক্স প্রসঙ্গে মজীনা বলেন, ‘আমি এখানে দেখছি বাংলাদেশের ভবিষ্যৎ। আমি মনে করি, বাংলাদেশ আমেরিকা হতে যাচ্ছে। আমেরিকায় আমার বাড়ি যে শহরে, সেটিও একটি নদীর ধারে। বাংলাদেশের সৌভাগ্য যে এখানে আমেরিকার চেয়ে অনেক নদী আছে।’ তিনি বলেন, ‘কুমদিনীতে এসে আমি আরও আশাবাদী হচ্ছি। কুমুদিনীতে একটি বিরাট অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট হতে পারে। আর এটি হলে পণ্য পরিবহনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তির কথা ভাবতে হবে না। ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগও আছে। এখন কুমুদিনীতে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মিত হলে সেটি হবে জলপথের মহাসড়ক। পরিবেশবান্ধব এই টার্মিনালটি নৌপথে পণ্য পরিবহনে সড়ক ও রেলপথের তুলনায় অনেক সাশ্রয়ী হবে।’
শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কুমুদিনী ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস, জুট বেলিং ও প্রেসিং মেশিন, ওয়্যার হাউসসহ প্রস্তাবিত অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে তিনি শীতলক্ষ্যা নদীতে নৌভ্রমণ করেন।