'সংলাপ' নিয়ে আ.লীগের দুনেতার দুই মত

‘সংলাপ’ নিয়ে আওয়ামী লীগের দুজন শীর্ষ নেতা দুই ধরনের মত দিয়েছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ দুটি আলাদা অনুষ্ঠানে পরস্পরবিরোধী মত দেন। সুরঞ্জিত মনে করেন, সংবিধান মেনে আলোচনা হতে পরে। কিন্তু হানিফ মনে করেন, বর্তমানে দেশে আলোচনা করার মতো সংকট তৈরি হয়নি।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আওয়ামী লীগ সব সময় আলোচনায় বিশ্বাসী। তবে খালেদা জিয়া কখন কোথায় কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, সেটা আগে নির্ধারণ করুন।’ ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার সংলাপের ইচ্ছা প্রকাশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আপনি সংলাপে বসতে রাজি, ভালো কথা। কিন্তু এ জন্য আপনাকে সংঘাতের রাজনীতি পরিহার করতে হবে। কারণ অতীতে আপনি সংলাপকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সংঘাতের রাজনীতি করেছেন।’
অন্যদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে একটি অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশে আলোচনা করার মতো কোনো সংকট তৈরি হয়নি। বিদেশি বন্ধুদের বলব, আমাদের দেশের রাজনৈতিক বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি না করলে দেশের মানুষ শান্তি পাবে।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, বাংলাদেশের জনগণ বর্তমানে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না। তা ছাড়া আগামী নির্বাচন নিয়ে আলোচনার সময় এখনো হয়নি। তাই বিদেশি বন্ধুদের কাছে ধরনা দিয়ে লাভ নেই।
গতকাল রোববার ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত বলে মত দেন। এরপর আজ পৃথক দুটি অনুষ্ঠানে আওয়ামী লীগের এ দুই নেতা দুধরনের মত দিলেন।