'সংশোধিত আইন না জেনেই মন্তব্য করছে আইএলও'
শ্রমসচিব মিকাইল শিপার বলেছেন, সংশোধিত শ্রম আইন বিষয়ে না জেনে এবং আইনটি না দেখেই আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন সংস্থা বক্তব্য ও বিবৃতি দিচ্ছে।
শ্রমসচিব বলেন, শ্রম আইন সংশোধনের বিল এখনো আইনে পরিণত হয়নি এবং এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়নি। তাই কারও সঙ্গে আলোচনা না করে বা আইন না দেখে এমন মন্তব্য করা ঠিক হয়নি।
আজ বৃহস্পতিবার সংশোধিত শ্রম আইনের বিভিন্ন বিষয় তুলে ধরতে শ্রম মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে মিকাইল শিপার রাতে প্রথম আলো ডটকমকে আরও বলেন, ‘আইএলওর জেনেভা কার্যালয় থেকে সংশোধিত শ্রম আইন নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা তাদের নিজস্ব বক্তব্য। ঢাকা কার্যালয়ও এ বিষয়ে কিছুই জানে না বলে আমাকে জানানো হয়েছে।’
শ্রমসচিব বলেন, ‘এটা ঠিক, শ্রম আইনে শ্রমিকপক্ষের কিছু প্রস্তাব বিবেচনা করা সম্ভব হয়নি। তবে এমন তো নয় এটাই চূড়ান্ত। শ্রম আইন সংশোধনের বিষয়টি চলমান প্রক্রিয়া। এতে আরও কিছু বিষয় সংযোজন-বিয়োজন করার সুযোগ রয়েছে।’ তবে এ মুহূর্তে কোনো পর্যালোচনার সুযোগ নেই বলে জানান সচিব। তিনি বলেন, এ দেশের বাস্তব অবস্থা ও প্রয়োজনের নিরিখ বিবেচনায় শ্রম আইন সংশোধন করা হয়েছে।