'সংশয় কাটিয়ে আস্থা অর্জন করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস খাতুন
নার্গিস খাতুন

রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে গতবার নার্গিস খাতুন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের আলাদা প্রার্থী ছিল। কিন্তু মেয়র নির্বাচিত হয়েছিলেন নার্গিস খাতুনই। তিনি দেশে একমাত্র নারী পৌর মেয়র। তাঁর কাজ দেখে এবার স্বয়ং কেন্দ্র থেকেই তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
নার্গিস খাতুন বলেন, নারী মেয়র বলে তাঁর সম্বন্ধে মানুষের মনে যে সংশয় ছিল, তা কাটিয়ে সবার আস্থা অর্জন করেছেন। তবে নারী মেয়র হিসেবে কাজ করার জন্য মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গির আরও একটু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মানুষের দৃষ্টিভঙ্গির এ পরিবর্তন হলে আরও শিক্ষিত ও মেধাবী নারীরা রাজনীতিতে এগিয়ে আসবেন। আর প্রশাসনিক ক্ষেত্রে এই সরকারের সময়ে তিনি সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলে জানান নার্গিস খাতুন।
নার্গিস খাতুন বলেন, শোনা যায়—অনেক জায়গায় সংরক্ষিত নারী কাউন্সিলরদের কাজ করার সুযোগ দেওয়া হয় না। কিন্তু তিনি মনে করেন, তাঁদের কাজের অনেক ক্ষেত্র রয়েছে। তিনি তাঁর পৌরসভায় কোনো বৈষম্য করেননি। সমানভাবে কাজের সুযোগ করে দিয়েছেন। এবারের নির্বাচনে নারীদের জন্য চুড়ি, ফ্রক—ইত্যাদি প্রতীক দেওয়ার ব্যাপারে বলেন, এই প্রতীক নারীদের জন্য বিব্রতকর। এই প্রতীকের একটা প্রতীকী অর্থ দাঁড়াতে পারে যে নারীরা এখনো চুড়ি পরে ঘরে বসে থাকে। এই মানসিকতা পরিহার করা উচিত।
এই নারী পৌর মেয়র বলেন, তিনি পৌরসভার আগের মেয়রের আমলের ‘বিএমডিএফ’-এর ৫০ লাখ টাকা ঋণ শোধ করেছেন। তারপর পৌরসভার ২৩ কোটি টাকার উন্নয়নকাজ করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার সময় চারঘাট পৌরসভার বার্ষিক রাজস্বের পরিমাণ ছিল ৪৫ লাখ টাকা। অথচ গত অর্থবছর রাজস্ব আদায়ের পরিমাণ এসে দাঁড়ায় ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৭৮০ টাকা। বর্তমানে তাঁর পৌরসভায় রাজস্ব আদায়ের হার ৯০ শতাংশের বেশি। তিনি দায়িত্ব নেওয়ার আগে পৌরসভায় কোনো সড়কবাতি ছিল না। তিনি এ পর্যন্ত সাতটি ওয়ার্ডে আংশিকভাবে সড়কবাতি লাগানোর কাজ করেছেন। তিনি চারঘাটকে ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডের পৌরসভায় উন্নীত করেছেন।
অথচ এই নার্গিস খাতুন একজন স্নাতক পাস গৃহিণী ছিলেন। তাঁর স্বামী মুক্তিযোদ্ধা রাহেনুল হক রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য। ১৯৯৯ সালে উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি আবার হেরে যান। পরের নির্বাচনে তাঁকে আর মনোনয়ন দেওয়া হয়নি। গত পৌরসভা নির্বাচনে স্থানীয় লোকজন তাঁর স্ত্রী নার্গিস খাতুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন।
গত মঙ্গলবার দুপুরে চারঘাট পৌর এলাকার মেরামতপুর মহল্লায় গিয়ে দেখা যায়, তিনি লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছেন। গৃহবধূ তসলিমা খাতুন বলেন, এই মেয়র আসার পরে তাঁদের কাঁচা রাস্তাটা পাকা হয়েছে। বাড়িতে বিদ্যুতের খুঁটি বসেছে। এখন মিটার লাগবে।
এই পৌরসভায় মেয়র পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া, বিএনপির প্রার্থী সাবেক মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী পৌর বিএনপির সভাপতি কায়েম উদ্দিন। এ ছাড়া আছেন বিএনপি-সমর্থক সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান ও জামায়াতের সাইফুল ইসলাম।