চট্টগ্রামে সাংবাদিকদের সমাবেশ
'সংসদ ও গণমাধ্যমকে মুখোমুখি করিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে'
‘পরিকল্পিতভাবে সংসদ ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল এ কথা বলেন।
সমাবেশে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা আপনাদের অনুরোধ জানাই, এ রকম একটা জায়গায় আমরা যেতে চাই না। আমরা গণমাধ্যমের কর্মী, আমরা সাংবাদিকতা করি; আমরা যে সব সঠিক করি তা না, ভুল হতেই পারে। কিন্তু পরিকল্পিতভাবে সংসদ ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে। এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে।’
জাতীয় সংসদে সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে উল্লেখ করে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘যখন আমরা ওয়েজ বোর্ড নিয়ে আন্দোলন করছি, সংবাদকর্মীদের মর্যাদা নিয়ে আন্দোলন করছি, তখন আমরা দেখছি আমাদের ফোরামের সর্বোচ্চ নেতা ইকবাল সোবহান চৌধুরীর মর্যাদাহানি করা হচ্ছে।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, জ্যেষ্ঠ সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের সহসভাপতি শহিদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।