'সংসদীয় গণতন্ত্রে আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রে সব ধরনের আলোচনার ক্ষেত্র ও কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য জাতীয় সংসদ যাতে কার্যকর ক্ষেত্র হতে পারে, সে জন্য কাজ করে যাব।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী রোটারি ডিস্ট্রিক্ট সম্মেলনের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন স্পিকার শিরিন শারমিন। অনুষ্ঠানে প্রধান অতিথিও ছিলেন তিনি।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা ও সাংসদেরা বক্তব্য দিয়েছেন। গত তিন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রীরা। তাই দশম জাতীয় সংসদ কার্যকর হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।
স্পিকার বলেন, জনগণের প্রত্যাশা ও জীবনমান উন্নয়ন এবং আইনের শাসনকে সমুন্নত রাখতে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখবেন। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক সমালোচনা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সরকারের সঙ্গে বিরোধী দলের মতৈক্য হবে। এর আগে গতকাল সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পিকার শিরীন শারমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রোটারি ইন্টারন্যাশনালের সভাপতির প্রতিনিধি ভারতের ডিস্ট্রিক্ট-৩২০১-এর ডিস্ট্রিক্ট গভর্নর ক্যাসাভা সাঙ্কারা পিল্লাই, সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী, সম্মেলন আয়োজক কমিটির সভাপতি সুফি মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এম আমিনুজ্জামান ভুঁইয়া, রোটারিয়ান এম এ আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাবিয়ানা মোহসীন। এবারের সম্মেলনের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘নতুন দিগন্তের অগ্রণী সম্মেলন’।