'সংসদে প্রশ্নকর্তাও নেই, দুই মন্ত্রীও নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আজ মঙ্গলবার অনুপস্থিত ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে উত্তর দেওয়ার কথা ছিল খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের। কিন্তু তিনিও অনুপস্থিত। তাঁদের পক্ষে জবাব দিতে দাঁড়িয়েছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তারকাচিহ্নিত প্রশ্নটি ছিল চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের। তিনিও অনুপস্থিত। হতাশার সুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘প্রশ্নকর্তাও নেই, দুই মন্ত্রীও নেই।’
স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুপস্থিত মন্ত্রীদের প্রসঙ্গ তুলে তোফায়েল আহমেদের উদ্দেশে বলেন, ‘অনুপস্থিত মন্ত্রীর পক্ষে আপনি জবাব দেবেন। আপনার নিজের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত প্রশ্নোত্তরও রয়েছে।’ এ সময় স্পিকার বলেন, ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’ পরে দিদারুল আলমের অনুপস্থিতিতে প্রশ্নটি উত্থাপন করেন এম আবদুল লতিফ।
তোফায়েল আহমেদ স্পিকারের দৃষ্টি আকর্ষণ বলেন, প্রশ্নকর্তা দিদারুল আলমও নেই, উত্তরদাতা সংশ্লিষ্ট মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীও নেই। গেজেট রয়েছে, মন্ত্রীর বদলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জবাব দেবেন। তিনিও নেই। তোফায়েল বলেন, ‘আমি ও মায়া একই সঙ্গে একটা প্রোগ্রামে ছিলাম। আমি চলে এলেও তিনি থেকে গেছেন। আমার সীমিত জ্ঞানে কী উত্তর দেব!...’
স্পিকার আবারও বলে ওঠেন, ‘এ জন্য বলি—সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’ স্পিকারের সরস কথায় হাসির রোল পড়ে অধিবেশন কক্ষে।
আজ দিনের কর্মসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্নকর্তা নওগাঁ-৩ আসনের মো. ছলিম উদ্দীন তরফদারের অনুপস্থিতিতে তাঁর পক্ষে ৯৯৬ নম্বর তারকাচিহ্নিত প্রশ্ন এনামুল হক উত্থাপন করেন। ৯৯৮ নম্বর প্রশ্ন সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন ওরফে রতনের অনুপস্থিতিতে উত্থাপন করেন আবদুল মুনিম চৌধুরী। এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নির্ধারিত প্রশ্নোত্তরে অংশ নেন।
এর আগে বিকেল সোয়া পাঁচটার পরে সংসদের বৈঠক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। আওয়ামী লীগ দলীয় সদস্য আবদুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা বন্ধের কারণে রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়নি। লক্ষ্যমাত্রার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫৪ মিলিয়ন ডলার রপ্তানি বেড়েছে। জিএসপি বন্ধে কোনো ক্ষতি হয়নি। কারণ, জিএসপি সুবিধায় আমরা মাত্র ৩০ মিলিয়ন ডলার রপ্তানি করি।’
সরকারি দলের মো. সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ সংসদকে জানান, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকায় সে দেশের পণ্য আমদানি বন্ধের পদক্ষেপ নেওয়া হয়নি।

আরব আমিরাতে আবারও শ্রমিক পাঠানোর সুযোগ তৈরি হবে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলেই আরব আমিরাতে আবারও শ্রমিক পাঠানোর সুযোগ তৈরি হবে।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয় আরও সাতটি দেশ থেকে শ্রমিক নেওয়া তারা বন্ধ রেখেছে। কারণ, তাদের দেশের নিজস্ব জনসংখ্যার তুলনায় প্রবাসীদের সংখ্যা বেড়ে গেছে। তাই আপাতত তারা শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে।
জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী সংসদকে জানান, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরে বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে স্বাভাবিকভাবে ১১ হাজার ৬৮১ জন এবং অস্বাভাবিকভাবে পাঁচ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪১৪ জন কর্মীর লাশ দেশে আসছে। অস্বাভাবিকভাবে মৃত্যুবরণকারীদের ক্ষতিপূরণের জন্য মোট এক হাজার ৩০৮টি মামলা হয়েছে। তার মধ্যে ৯৬৮টি অমীমাংসিত এবং ৩৪০টি মামলা মীমাংসিত হয়েছে।