'সংসদে বিরোধী দল নেই' বলায় জাপার ক্ষোভ
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী সংসদে বিরোধী দল নেই বলে মন্তব্য করায় জাতীয় পার্টির সাংসদেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শেষ পর্যন্ত ফরাজীর বক্তব্য এক্সপাঞ্জ করা হবে বলেন জানান।
ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে আজ মঙ্গলবার রুস্তম আলী ফরাজী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রীকে আমরা শ্রদ্ধা করি। এ সংসদে মূল বিরোধী দল নেই। আমরাও মাঝামাঝি। ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা। প্রধানমন্ত্রীও আমাদের উৎসাহ দেন। আমরা সহনশীল রাজনীতি করি। অথচ সোমবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিল পাসের সময় তিনি (অর্থমন্ত্রী) আমাদের অজ্ঞ বলেছেন। তিনি আমাদের অজ্ঞ বলতে পারেন না। এতে সব সংসদ সদস্যের অপমান হয়। অবশ্য রাবিশ বলেননি, সীমার মধ্যেই ছিলেন।’
রুস্তম আলী বলেন, ‘সংসদ সদস্য হওয়া এত সহজ না। আমরা কোনো দলীয় মার্কা দিয়ে সাংসদ হইনি। হঠাৎ করে রাজনীতিতে আসিনি। ছাত্ররাজনীতি করে ভিপি-জিএস হয়ে এখানে এসেছি। আমারও একটা অবস্থান রয়েছে।’ এ সময় বিরোধী দলের সদস্যরা তাঁকে টেবিল চাপড়ে সমর্থন জানান। ফরাজী অর্থমন্ত্রীর বক্তব্য একপাঞ্জের অনুরোধ জানান।
এরপরই বিরোধী দল জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ দাঁড়িয়ে স্পিকারের কাছে ফ্লোর চান।
ফ্লোর পেয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘রুস্তম আলী ফরাজী বলেছেন সংসদে সত্যিকার বিরোধী দল নেই। সংসদে এসে সই করে বেরিয়ে যাব, ফাইল ছোড়াছুড়ি করব, অকথ্য ভাষায় কথা বলব—আমরা সে ধরনের বিরোধী দল নই। সংসদ থেকে বেতন-ভাতা, আবাসন সুবিধা, শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধাসহ সব সুবিধা নেব, অথচ সংসদে থাকব না, এটা তো হতে পারে না। আমরা কার্যকর বিরোধী দল হিসেবে কাজ করছি। যেখানে প্রয়োজন সেখানে সরকারের সমালোচনা করছি।’ তিনি ফরাজীর বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানালে স্পিকার তাতে সায় দেন।
এরপর স্পিকার ‘সংসদে বিরোধী দল নেই’ বাক্যটি এক্সপাঞ্জ করা হবে বলে জানান। সব শেষে সংসদের অধিবেশন ৩০ নভেম্বর রোববার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।