'সংস্কৃতি জাগলে মৌলবাদ পালানোর পথ পাবে না'
দেশীয় সংস্কৃতি জেগে উঠলে এ দেশ থেকে মৌলবাদ পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার৷ প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশক-লেখকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন৷
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ধনধান্য-পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক সমাবেশ শুরু হয়৷ পরে সন্ধ্যা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক ও প্রতিবাদী গান এবং কবিতা আবৃত্তি হয়।
সমাবেশের একপর্যায়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, হত্যাকারীরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, তারা এ দেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হতে দেবে না, এ দেশে সাহিত্য-সংস্কৃতির চর্চা হতে দেবে না, এ দেশের নারীদের ঘর থেকে বের হতে দেবে না৷ তারা চায় এ দেশের মানুষ মধ্যযুগীয় বর্বর শাসনের মধ্যে থাকবে, মানুষকে তারা হত্যা করবে, তাদের মন চাইলেই মানুষের চিন্তা-বুদ্ধি-স্বপ্ন সবকিছুকে স্তব্ধ করে দেবে।
ইমরান এইচ সরকার বলেন, বাঙালির আত্মপরিচয়ের যে সংস্কৃতি, তাতে এই অপশক্তিকে রুখে দেওয়ার শক্তি রয়েছে। সারা দেশের গ্রামগঞ্জে যদি বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা হয়, তবে এই হায়েনাদের নতুন করে বংশবিস্তার বন্ধ হবে, জঙ্গিবাদ-মৌলবাদ এ দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না৷
সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকেরা অশুভ সন্ত্রাসবাদী অপশক্তিকে প্রতিরোধ করার প্রত্যয়ে মোমবাতি প্রজ্বালন করেন।